ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে)জেনোসাইডসংক্রান্ত রায়ের যেসব অংশ মিয়ানমারের কাছে ‘অনুপযুক্ত’ মনে হবে, সেগুলো দেশটি মানবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। গত সপ্তাহে রোহিঙ্গাদের ওপরজেনোসাইডর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আইসিজে রায় দেওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসে তিনি এ মন্তব্য করেন।
২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানেজেনোসাইডর অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করে, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই তাদের বাহিনী অভিযান চালিয়েছিল।
১৯৪৮ সালেরজেনোসাইড কনভেনশন লঙ্ঘনের দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এটিই প্রথম এমন রায়।মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার এক বৈঠকে মিন অং হ্লাইং বলেন, ‘গণহত্যা’ শব্দটি দেশের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে। তিনি আরো বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব শর্তকে দেশটি অনুপযুক্ত মনে করবে, সেগুলো মেনে নেবে না। তবে রায়ের কোন কোন অংশে তাদের আপত্তি রয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়। ওই অভিযানকে মিয়ানমার ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান হিসেবে উল্লেখ করেছিল।
আইসিজের তথ্য অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। সাত লাখের বেশি রোহিঙ্গা পায়ে হেঁটে ও সমুদ্রপথে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।এ ছাড়া প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে নির্যাতন ও হামলার শিকার হন।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকদের ৯-৬ ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেওয়া হয়। আদালত আরো জানিয়েছে, মিয়ানমার ১৯৪৮ সালেরজেনোসাইড কনভেনশনের একাধিক ধারা লঙ্ঘন করেছে। আদালতের এ রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। রায়ে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। পাশাপাশি, চলমান অপরাধ বন্ধ এবং চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করতে বলা হয়েছে।
তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়। রায়টি সরাসরি কার্যকর করার নিশ্চয়তা না থাকলেও রোহিঙ্গা সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো একে স্বাগত জানিয়েছে।
দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিচার দাবি করে আসছে এসব সংগঠন। এ ছাড়া এক ডজনেরও বেশি দেশ আইসিজের এ রায়কে স্বাগত জানিয়েছে। যুক্তরাজ্য মিয়ানমারের কয়েকজন শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।
২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। অভ্যুত্থানের ফলে দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সামরিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন দেশ ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।
এরপর থেকে মিন অং হ্লাইং মিয়ানমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পুনরায় সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে আসছেন। তবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অঙ্গনগুলোতে দেশটি এখনো অনেকটাই বিচ্ছিন্ন।











































