মাইকেল হাসি। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) টেস্ট দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইকেল হাসি। পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে খণ্ডকালীন পরামর্শক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ৫১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।
ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে গত মাসে এ নিয়ে আলোচনা করেছিলেন হাসি। ফ্লেমিংয়ের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ ১৮ বছর কাজ করেছেন তিনি। তবে এবার হাসিকে নিজের কোচিং প্যানেলে টানতে পারেননি ফ্লেমিং।
নিজ দেশ অস্ট্রেলিয়ার প্রস্তাব গ্রহণের বড় কারণ হিসেবে কাজের নমনীয়তাকে বেছে নিয়েছেন হাসি। খণ্ডকালীন দায়িত্ব নেওয়ায় তিনি দ্য হান্ড্রেড ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিংয়ের পাশাপাশি ফক্স স্পোর্টসে ধারাভাষ্যকার ও বিশ্লেষকের কাজও চালিয়ে যেতে পারবেন।
এ বছর দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের প্রধান কোচ ছিলেন মাইকেল হাসি। ২০১৮ সাল থেকে আছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচের দায়িত্বে।এর আগে ইংল্যান্ডের সঙ্গেও কাজ করেছেন তিনি। ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের পরামর্শক ছিলেন সাবেক এই বাঁহাতি ব্যাটার।
তবে টেস্ট দলের পূর্ণকালীন ব্যাটিং কোচের দায়িত্ব হাসির জন্য তুলনামূলক কঠিন হতো। কারণ, আগামী শীত মৌসুমে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সফর করবে ইংল্যান্ড। এরপর আগামী গ্রীষ্মে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ।
হাসি ‘না’ বলে দেওয়ায় ইসিবিকে ব্যাটিং কোচের খোঁজ চালিয়ে যেত হবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে অন্তর্বর্তী দায়িত্বে ভালো কাজ করা মার্কাস ট্রেসকথিককেই রেখে দেওয়ার কথা ভাবতে পারে বোর্ড।











































