‘সারা বিশ্ব আমাদের নিয়ে হাসছে’ গণছাঁটাইয়ের ব্যাখ্যায় আকিব জাভেদ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দুই টেস্টে বাজে হারে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য অধিনায়ক বাবর আজম ও কোচদের ভুল সিদ্ধান্তকে দায়ী করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক আকিব জাভেদ।সিরিজের মাঝপথে দল থেকে ৭ জন খেলোয়াড় ও কোচদের বাদ দিয়ে নজিরবিহীন গণছাঁটাইয়ের ব্যাখ্যা দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভি

ইংল্যান্ডে পাকিস্তানের শোচনীয় পারফরম্যান্সের কারণগুলো তুলে ধরে জাভেদ বলেন, ‘তাদের (ম্যানেজমেন্টের) কাছে একজন পেস অলরাউন্ডার, একজন দ্বিতীয় উইকেটকিপার এবং উবাইদ শাহের মতো একজন ফাস্ট বোলার ছিল। কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছিল না। আমি অধিনায়ক এবং কোচের সঙ্গে কথা বলে উবাইদকে দলে নিতে বলি, কারণ অন্য বোলাররা (মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী এবং খুররম শাহজাদ) সবাই প্রায় একই গতির।’

আমাদের প্রথম সাতজন বোলারের মধ্যে কেউই ব্যাটসম্যান নয়। আমাদের একজন অলরাউন্ডারকে দলে নেওয়া উচিত ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, উবাইদ শাহকে নেওয়া, যিনি প্রায় ১৪০ কিমি/ঘণ্টা গতিতে বল করেন। একজন ফাস্ট বোলার আপনার বোলিং আক্রমণের গঠনই বদলে দেয় বলে যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমি বুঝতে পারছি ফর্মহীন সালমান আগাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু উইকেটরক্ষক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে গাজী ঘোরিকে খেলানো উচিত ছিল।যখন ম্যানেজমেন্ট কঠিন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তখন ব্যবস্থা নিতেই হয়। আমরা এরই মধ্যে সিরিজটা হেরে গেছি, আর সারাবিশ্ব আমাদের নিয়ে হাসছে কারণ আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারিনি।’

মাঠের দৈনন্দিন কার্যকলাপে হস্তক্ষেপের অভিযোগ পিসিবির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রয়েছে। জাভেদ অকপটে স্বীকার করেছেন, বোর্ডের কর্মকর্তারা সময়ে সময়ে হস্তক্ষেপ করেন, এমনকি একাদশ নির্বাচনের ক্ষেত্রেও, যে ভূমিকাটি সাধারণত কোচ এবং অধিনায়ক পালন করে থাকেন। যখন সিদ্ধান্তগুলো পরিকল্পনার সঙ্গে মেলে না, তখন একাদশ ঠিক করতে এবং সমন্বয়ে ভারসাম্য আনতে বার্তা পাঠানো হয়।

LEAVE A REPLY