‘বিগ বস’-এর নতুন সিজনে কত কোটি নিচ্ছেন সালমান?

‘বিগ বস’-এর সঙ্গে সালমান খানের সম্পর্ক দীর্ঘদিনের। বছরের পর বছর এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালকের দায়িত্ব সামলে আসছেন তিনি।বিশেষ করে ‘উইকেন্ড কা বার’-এ সালমানের উপস্থিতি দর্শকদের কাছে শোয়ের অন্যতম বড় আকর্ষণ। ফলে প্রতিবারই নতুন মৌসুম শুরুর আগে তার পারিশ্রমিক নিয়ে শুরু হয় জোর আলোচনা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

‘বিগ বস ২০’-এর সঞ্চালনার জন্য সালমান খানকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে।

সেসব প্রতিবেদনের দাবি, নতুন মৌসুমে সঞ্চালনার জন্য প্রায় ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পেতে পারেন এই বলিউড তারকা।

জানা গেছে, এবারের মৌসুমও প্রায় ১৫ সপ্তাহ চলার কথা। সেই হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহান্তে সালমানের পারিশ্রমিক হতে পারে প্রায় ৮ থেকে ১০ কোটি রুপি। তবে পারিশ্রমিকের এই অঙ্ক সালমান খান নিজে কিংবা অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আগের কয়েকটি মৌসুমের মতো এবারও ‘উইকেন্ড কা বার’-এ সালমানের উপস্থিতি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। তাই শোয়ের সামগ্রিক বাজেটের একটি বড় অংশ তার পারিশ্রমিকের পেছনে ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগের মৌসুমগুলোর তুলনায় ‘বিগ বস ২০’-এর বাজেট তুলনামূলক বেশি বলে ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও অনুষ্ঠানটির মোট বাজেট কিংবা সালমানের চূড়ান্ত পারিশ্রমিক নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

LEAVE A REPLY