কেন এত জনপ্রিয় এআই ড্রামা ‘মাফিয়া ডন’

ফেসবুক খুললেই সামনে আসছে একের পর এক রিল। কয়েক সেকেন্ডের একটি দৃশ্য দেখার পরই পরের পর্ব খুঁজতে ইচ্ছে করছে।এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় উঠে এসেছে এআই-নির্ভর স্বল্পদৈর্ঘ্য ড্রামা দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ। বিশেষ করে নারী দর্শকদের মধ্যে ড্রামাটির জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

মাফিয়া ডন, চুক্তির বিয়ে, প্রত্যাখ্যাত নারী আর এক ছোট শিশুকে ঘিরে তৈরি হয়েছে সিরিজটির গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র নোরা।স্বামী তাকে ছেড়ে দেওয়ার পর একসময় কাজের সন্ধানে রাস্তায় ঘুরতে ঘুরতে একটি বিজ্ঞাপন দেখতে পান তিনি। বিজ্ঞাপনে প্রয়োজন একজন স্টেপমাদার।

বিজ্ঞাপনের ঠিকানা অনুযায়ী গিয়ে নোরা পৌঁছান বিশাল এক প্রাসাদে। সেখানেই জানতে পারেন, বাড়িটির মালিক একজন মাফিয়া ডন—লুকা।তার ছোট ছেলে লিওর দেখাশোনার জন্যই একজন নারী খুঁজছেন তিনি।

তবে কাজটি এত সহজ নয়। লিও খাওয়া-দাওয়া ও ঘুম প্রায় ছেড়ে দিয়েছে। নোরার ইন্টারভিউয়ের শর্ত—তিনি যদি শিশুটিকে অন্তত এক চামচ খাবার খাওয়াতে পারেন, তাহলে তার চাকরি নিশ্চিত। কিন্তু নোরা শুধু এক চামচ নয়, পুরো প্লেট খাবার খাইয়ে দেন লিওকে।সেই রাতে শিশুটিও দীর্ঘ সময় পর প্রথমবার শান্তিতে ঘুমায়।

এতেই লুকার নজরে পড়ে যান নোরা। ছেলের জন্য তাকে প্রয়োজনীয় মনে হওয়ায় লুকা নোরাকে বাড়তি টাকা দেন, গাড়ি দেন, এমনকি বেতনও বাড়িয়ে দেন। একপর্যায়ে নোরাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

নোরা অবশ্য শুরুতে বিয়েতে রাজি ছিলেন না। তার কাছে বিষয়টি ছিল শুধুই চাকরি। কিন্তু লুকার যুক্তি ছিল, লিওর জন্য একজন মায়ের প্রয়োজন। নোরা যেন শুধু তার দেখাশোনা করা একজন মানুষ না হয়ে শিশুটির জীবনে মায়ের জায়গাটিও নিতে পারেন।

শেষ পর্যন্ত চুক্তির বিয়েতে রাজি হন নোরা।

fr

চুক্তির সম্পর্কেই বদলে যায় গল্প

শুরুতে নোরা ও লুকার সম্পর্ক ছিল প্রয়োজনের। একজনের দরকার ছিল কাজ, অন্যজনের দরকার ছিল ছেলের জন্য একজন যত্নশীল মানুষ।

কিন্তু সময়ের সঙ্গে সেই হিসাব বদলাতে থাকে।

লিও খুব দ্রুত নোরার সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে। নোরার উপস্থিতিতে তার আচরণ বদলে যায়। ধীরে ধীরে নোরাও শিশুটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করেন।

লিওর সঙ্গে এই সম্পর্কই গল্পে নোরা ও লুকার দূরত্ব কমিয়ে আনে। লুকার চরিত্রের আরেকটি দিকও সামনে আসে। বাইরে থেকে তিনি কঠোর ও ভয়ংকর মাফিয়া ডন হলেও ছেলের ক্ষেত্রে তিনি অত্যন্ত আবেগপ্রবণ একজন বাবা।

একপর্যায়ে নোরার প্রতিও তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। চুক্তিতে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসায়।

ff

নোরার জীবনে আসে নতুন পরিবর্তন

ড্রামায় শুধু প্রেমের গল্প নয়, নোরার ব্যক্তিগত পরিবর্তনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

নিজের অবয়বের কারণে স্বামীর কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর নোরার আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে যায়। কিন্তু লিওর জীবনে তার প্রয়োজনীয়তা এবং লুকার আচরণ ধীরে ধীরে তাকে নিজের মূল্য বুঝতে সাহায্য করে।

অর্থাৎ, যে নারীকে একসময় তার স্বামী মূল্যহীন করে দিয়েছিল, সেই নোরাই পরে হয়ে ওঠেন একটি শিশুর সবচেয়ে প্রয়োজনীয় মানুষ এবং একজন মাফিয়া ডনের ভালোবাসার মানুষ।

গল্পের এই পরিবর্তনই সিরিজটিকে শুধু মাফিয়া-রোমান্সের মধ্যে আটকে রাখেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবার, মাতৃত্ব, আত্মবিশ্বাস ও নতুন করে ভালোবাসা পাওয়ার গল্প।

yy

কেন এত জনপ্রিয় ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’?

ড্রামাটির গল্পে দর্শকদের পরিচিত বেশ কিছু জনপ্রিয় উপাদান একসঙ্গে রয়েছে—মাফিয়া ডন, চুক্তির বিয়ে, সুন্দর প্রেমকাহিনি, শিশু, পারিবারিক আবেগ এবং প্রত্যাখ্যাত নারী থেকে আত্মবিশ্বাসী হয়ে ওঠার গল্প।

এর সঙ্গে যুক্ত হয়েছে এআই-নির্ভর নির্মাণ। ফলে প্রচলিত নাটক বা ওয়েব সিরিজের বাইরে এটি দর্শকদের জন্য তৈরি করছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা।

বিশেষ করে ছোট ছোট পর্ব ও রিলভিত্তিক উপস্থাপনা ড্রামাটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে। একটি দৃশ্য শেষ হওয়ার পর পরবর্তী পর্ব দেখার কৌতূহলও দর্শকদের আটকে রাখছে।

frr

তাহলে নারীরাই কেন বেশি পছন্দ করছেন?

ড্রামাটির জনপ্রিয়তার পেছনে গল্পের কয়েকটি পরিচিত উপাদান কাজ করছে বলে মনে করা হচ্ছে। মাফিয়া ডন, চুক্তির বিয়ে, শিশু, প্রেম—সব মিলিয়ে গল্পটি দর্শকদের কৌতূহল ধরে রাখছে। তবে নারী দর্শকদের পছন্দের আরেকটি কারণ হতে পারে পুরুষ চরিত্রগুলোর উপস্থাপন।

এসব নাটকে পুরুষ চরিত্রগুলো সাধারণত ক্ষমতাবান ও ধনী হওয়ার পাশাপাশি সঙ্গীর প্রতি যত্নশীল, দায়িত্বশীল ও বিশ্বস্ত হিসেবে দেখানো হয়। তারা সঙ্গীর কথা শোনে, প্রয়োজনের সময় পাশে থাকে এবং সম্পর্ককে গুরুত্ব দেয়।

ফলে এখানে আকর্ষণ শুধু অর্থ, ক্ষমতা বা আকর্ষণীয় অবয়বে নয়। বরং যত্ন, সম্মান, সততা ও নিরাপত্তার অনুভূতিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

তাই কোনো নারী দর্শক এমন চরিত্র পছন্দ করলেই যে বাস্তবে একজন মাফিয়া ডন চান, বিষয়টি এমন নয়। বরং কল্পনার এই চরিত্রগুলোর মধ্যে থাকা কিছু গুণই তাদের কাছে আকর্ষণীয় হতে পারে।

এআই নাটকের গল্প বাস্তবতার চেয়ে অনেকটাই কল্পনানির্ভর। তবু এসব চরিত্রের জনপ্রিয়তা দেখিয়ে দিচ্ছে, গল্পের জাঁকজমকের পাশাপাশি ভালোবাসা, যত্ন ও নির্ভরযোগ্যতাও দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY