ভারত ম্যাচের আগে বরখাস্ত হলেন জেরার্ড জোন্স

সংগৃহীত ছবি

উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের চরম মূল্য দিতে হলো প্রধান কোচ জেরার্ড জোন্সকে। টানা দুই ম্যাচে জয়হীন থাকা এবং এক গোলও না করতে পারার খেসারত হিসেবে চাকরি হারিয়েছেন এই বিদেশি কোচ।সিরিয়ার কাছে ৩–০ গোলে বিধ্বস্ত হওয়ার পরপরই তাকে কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বৃহস্পতিবার রাতে ই-মেইলের মাধ্যমে জোন্সকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাসখন্দে বাংলাদেশ ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, সেখান থেকেও তাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। 

বাফুফে ও দলের ম্যানেজার সামিদ কাশেমের নির্দেশে আপাতত সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।বাছাইপর্বের বাকি ম্যাচগুলোতে নাজমুল-আব্বাসদের ডাগআউট সামলাবেন মিশুই।

ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়ে বাফুফের অস্বস্তি অবশ্য নতুন কিছু নয়। অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচিত হয়ে আসছিলেন তিনি। বকেয়া বেতন নিয়ে ক্ষোভ প্রকাশ থেকে শুরু করে ঢাকার টিম হোটেলে নিজ সহকারীর সঙ্গে হাতাহাতিতে জড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটিয়েছিলেন জোন্স।পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় হোটেলে পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল। এত বিতর্ক ও বিশৃঙ্খলা সত্ত্বেও বাফুফে তার ওপরই আস্থা রেখেছিল এবং উজবেকিস্তানে দলের প্রধান হিসেবে পাঠায়।

তবে মাঠের খেলায় কোচের কোনো কৌশলেরই প্রতিফলন ঘটাতে পারেনি তরুণ ফুটবলাররা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল হজম করলেও প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি বাংলাদেশ। 

সিরিয়ার বিপক্ষে ৩–০ গোলের লজ্জাজনক হারের পর মাঠের ভেতরে-বাইরে সব দিক থেকেই দেয়ালে পিঠ ঠেকে যায় বাফুফের।ফলে টুর্নামেন্ট চলাকালীনই জোন্স অধ্যায়ের ইতি টেনে মিশুর হাতেই আপাতত গুরুদায়িত্ব সঁপে দিল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 

LEAVE A REPLY