সংগৃহীত ছবি
আবারও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালকের ভূমিকায় ফিরছেন বলিউড তারকা সালমান খান।এরই মধ্যে নতুন মৌসুমের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা।
সম্প্রতি ‘বিগ বস’-এর শুটিং সেটে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সালমান। এদিন তাঁকে দেখা যায় একেবারেই ভিন্নধারার কাউবয় লুকে। তবে ছবি তোলার সময় ফটোগ্রাফাররা নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখায় একপর্যায়ে বিরক্তি প্রকাশ করেন অভিনেতা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘বিগ বস’-এর মঞ্চের সামনে দাঁড়িয়ে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছেন সালমান।সেই সময়ই তাঁদের মঞ্চ থেকে কিছুটা দূরে থাকার নির্দেশ দেন তিনি। সালমানকে বলতে শোনা যায়, ‘এটা আমার কাজ নয়। ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন আমার নেই।’
ভিডিওর শেষদিকে আরও ছবি তোলার অনুরোধ জানানো হলে বিরক্তির সুরে অভিনেতা বলেন, ‘ফুটেজ… ফুটেজ… ফুটেজ।’
এদিন সালমানের পোশাকেও ছিল বিশেষ চমক। গাঢ় বাদামি রঙের লেদারের কাউবয় হ্যাটের সঙ্গে ছিল রুপোলি স্টিয়ার বাকল। হাতে ছিল তাঁর ট্রেডমার্ক ফিরোজা রঙের ব্রেসলেট। এ ছাড়া নেভি টি-শার্ট, অলিভ-গ্রিন ভেস্ট, ডেনিম এবং রুপোলি ডিটেলিংয়ের বেল্টে সম্পূর্ণ হয় তাঁর লুক।
শুধু একা পোজ দেওয়াই নয়, ‘বিগ বস ২০’-এর পাপারাজ্জি ও শুটিংয়ের কলাকুশলীদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় সালমানকে।পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও ‘বিগ বস’-এর মঞ্চ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেতা।
জানা গেছে, আগামীকাল ৬ সেপ্টেম্বর কালার্স টিভিতে প্রিমিয়ার হবে ‘বিগ বস ২০’। একই সঙ্গে জিওহটস্টারেও দেখা যাবে অনুষ্ঠানটি।











































