‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর চলে যাওয়ার তিন দশক পেরিয়ে গেলেও তাকে ভুলতে পারেননি তার সহশিল্পী ও দর্শকরা। বিশেষ করে সালমান-শাবনূর জুটির পর্দার রসায়ন আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে।প্রিয় সহশিল্পীর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছেন চিত্রনায়িকা শাবনূর।

সালমান শাহকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই।’

তিনি আরো লিখেছেন, ‘এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছ আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’

সালমান শাহর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হওয়া শূন্যতার কথাও তুলে ধরেছেন শাবনূর। তার কথায়, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি।’

সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও সালমান শাহর জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, সেটিও উল্লেখ করেছেন শাবনূর। 

তিনি বলেন, ‘সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।’

সর্বশেষে প্রিয় সহশিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছ, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

বলা দরকার, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুতে থমকে গিয়েছিল পুরো চলচ্চিত্র অঙ্গন।তিন দশক পরও তার অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্বের মায়া নতুন প্রজন্মের কাছেও সমানভাবে আকর্ষণীয়। আর সহশিল্পীদের স্মৃতিচারণায় বারবার ফিরে আসছে সেই অকালপ্রয়াত স্বপ্নের নায়কের কথা।

LEAVE A REPLY