সংগৃহীত ছবি
সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং অঞ্চলটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন আরাগচি।
এ সময় পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ কারণে হরমুজ প্রণালিতে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তা মোকাবেলার উপায় নিয়েও তারা কথা বলেন।
আঞ্চলিক উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।










































