সংগৃহীত ছবি
আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬ (আইএফওয়াই-২০২৬) উপলক্ষে রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হয়েছে এক সুবিশাল ‘কালিঙ্কা’ ফ্ল্যাশ মব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ নেতা ও অতিথিদের রঙিন অভ্যর্থনা জানাতে দেশটির ঐতিহ্যবাহী এই লোকসুরকে ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ।
ব্যতিক্রমী এই আয়োজনের মূল উদ্যোক্তা রাশিয়ার অন্যতম বৃহত্তম খুচরা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সিমা-ল্যান্ড’। উৎসবকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি একটি অনলাইন ‘কালিঙ্কা’ ফ্ল্যাশ মবের আয়োজন করে। পাশাপাশি ইয়েকাতেরিনবুর্গে আগত অতিথি ও তরুণ প্রতিনিধিদের জন্য আয়োজিত বিশেষ সংগীত পরিবেশনার প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।
‘কালিঙ্কা’ রাশিয়ার সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় একটি লোকসুর।বিশ্বজুড়ে বিভিন্ন শৈলীতে গানটি পরিবেশিত হলেও এবার এর সুরকে বেছে নেওয়া হয়েছে বৈশ্বিক তরুণদের প্রতি উষ্ণ অভ্যর্থনা ও সম্প্রীতির বার্তা দেওয়ার মূল মাধ্যম হিসেবে।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবুর্গে বসছে ‘আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬’-এর আসর। বিশ্বের ১৯১টি দেশ থেকে আসা প্রায় ১০ হাজার উদীয়মান তরুণ নেতা এই মহা-মিলনমেলায় অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক এই আসরের মেহমানদের বরণ করে নিতে ইয়েকাতেরিনবুর্গ এখন পুরোপুরি প্রস্তুত।ঐতিহ্যবাহী ‘কালিঙ্কা’ সুরের মূর্ছনায় তৈরি এই ফ্ল্যাশ মব বিশ্বজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক অংশগ্রহণকে নতুন মাত্রা দিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









































