অতীতের প্রেম উসকে দেব-শুভশ্রীর রোমান্স

সংগৃহীত ছবি

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটির সেই চেনা রসায়ন। ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের পরই পুরনো প্রেমের স্মৃতিতে বুঁদ অনুরাগীরা।

লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে দুই তারকার রোমান্টিক মুহূর্ত যেন ফিরিয়ে আনল ‘চ্যালেঞ্জ’ ও ‘পরান যায় জ্বলিয়া রে’-র নস্ট্যালজিয়া।

শুক্রবার সন্ধ্যায় দেব-শুভশ্রী তাঁদের আসন্ন সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ মুক্তির ঘোষণা দেন। দেশু জুটির রোমান্টিক পোস্ট দেখেই অনুরাগীদের মধ্যে তৈরি হয় তুমুল উচ্ছ্বাস। এরপর রবিবার বিকেলে সেই উত্তেজনা আরো বাড়িয়ে দেন তাঁরা।

যৌথ পোস্টে দেব-শুভশ্রী জানিয়েছিলেন, সোমবার সকালে সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবেন।

সোমবার সকাল ৯টা বাজতেই অনুরাগীদের নিয়ে পৌঁছে গেলেন লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে। আর সেখানেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। গানের সঙ্গে ফিরল দেব-শুভশ্রীর সেই উদ্দাম রোমান্স, যা একসময় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

এক দশক পর দেব-শুভশ্রী জুটির পুরনো রোমান্সে মজেছেন ভক্তরা। লাদাখের পাহাড়ি পথে তাঁদের মাখোমাখো রসায়ন যেন ফিরিয়ে দিচ্ছে যৌবনের প্রেমের সেই দিনগুলো। সময়ের সঙ্গে দুজনেই অবশ্য অনেকটাই পরিণত হয়েছেন। আসন্ন ছবির প্রথম আনুষ্ঠানিক প্রচারের দিনেই দেব নিজেই সে কথা স্বীকার করেছেন। 

এমনকি অভিনেতা এ-ও জানিয়েছেন, শুভশ্রী আজ যতটা পরিণত, সেই পরিণতিটা যদি তখন থাকত, তাহলে হয়তো আজও তাঁরা একসঙ্গেই থাকতেন।

তবে ‘দেশু ৭’-এর প্রথম গানে চল্লিশোর্ধ্ব দেব আর পঁয়ত্রিশের শুভশ্রীকে দেখে বয়সের হিসাব যেন ভুলেই গেছেন দর্শক। তাঁদের রোমান্টিক রসায়নে যেন ফিরে এসেছে জেন জি-র উচ্ছ্বাস। ক্যারিয়ারের শুরুর দিকে পর্দায় এই জুটির মাখোমাখো রোমান্স কিংবা কলেজপ্রেম দর্শককে যেভাবে মুগ্ধ করত, দীর্ঘ ১২ বছর পর সেই পুরনো সমীকরণেরই যেন প্রত্যাবর্তন ঘটেছে।

এর মধ্যেই দেব-শুভশ্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের কথোপকথনও নজর কেড়েছে অনুরাগীদের। শুক্রবার মা-বাবাকে নিয়ে সপরিবারে টাকি গিয়েছিলেন দেব। সিনেমার কাজ শেষ হলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েন টালিউডের এই সুপারস্টার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

দেবের সেই পারিবারিক ছুটির ছবির কমেন্টবক্সেই দেখা যায় শুভশ্রীর মজার মন্তব্য। পুরনো ‘ইনোসেন্স’ বিতর্ক টেনে রসিকতা করে অভিনেত্রী লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছ ইনোসেন্সটা চলে গেছে দেব!’

‘রোমিও’-ও অবশ্য ছেড়ে কথা বলেননি। শুভশ্রীর মন্তব্যের পাল্টা জবাবে দেব লিখেছেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।’

দেবের এই মন্তব্য যে ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’-এরই লিরিকস, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পর্দার রোমান্সের পাশাপাশি বাস্তবের এমন খুনসুটিও যেন আরো উসকে দিচ্ছে দেব-শুভশ্রী জুটিকে ঘিরে দর্শকের পুরনো আবেগ।

LEAVE A REPLY