সব স্মৃতি মুছে গেলেও বিটিএস গায়ক জিমিনকে ভোলেননি প্রবীণ নারী

স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) রোগে আক্রান্ত হয়ে দৈনন্দিন জীবনের প্রায় সবই ভুলে গেছেন এক প্রবীণ নারী। তবে সব স্মৃতি হারালেও তার মনে  স্পষ্ট একটি নাম—কোরিয়ান সঙ্গীতদল বিটিএস-এর গায়ক ‘জিমিন’।মায়ের সেই অবশিষ্ট স্মৃতি ও আনন্দের রেশটুকু ধরে রাখতে তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জিমিনের একক কনসার্টে অংশ নিয়েছেন তার মেয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার কথা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই নারী জানান, তার মায়ের দৈনন্দিন স্মৃতিশক্তি ক্রমশ বিলুপ্ত হলেও বিটিএস গায়ক জিমিনের কথা তিনি প্রতিনিয়ত মনে রাখতেন। মায়ের এই মানসিক সংযোগকে সম্মান জানাতেই জিমিনের কনসার্টের টিকিট কাটেন তিনি।টিকিটের খবর শুনে প্রবীণ মায়ের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ার দৃশ্যটি নেটিজেনদের আবেগপ্লুত করেছে।

মেয়ে জানান, পুরো বিমানযাত্রায় তার মা আনন্দে গান গেয়েছেন এবং জিমিনকে দেখার অপেক্ষার কথা জানান। তবে শারীরিক অসুস্থতার কারণে যাত্রাপথেই বারবার বিভ্রান্ত হয়ে পড়েন তিনি; জিমিনকে চিনলেও কোথায় যাচ্ছেন বা কেন বিমানে উঠেছেন, তা বারবার ভুলে যাচ্ছিলেন।

শিকাগোতে পৌঁছে জিমিনের কনসার্ট উপভোগ করেন মা ও মেয়ে।কনসার্ট শেষে পপ-আপ স্টোর থেকে মায়ের শোবার ঘর সাজাতে জিমিনের বিভিন্ন স্মারকও কিনেন তারা। জিমিনের নাম লেখা টি-শার্ট পরা প্রবীণ নারীর হাসিমুখের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর মুহূর্তেই তা ইতিবাচক সাড়া ফেলে।

পরবর্তীকালে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই নারী জানান, অসুস্থ মায়ের সঙ্গে কাটানো এই মূল্যবান মুহূর্তগুলো তৈরি করার সুযোগ পাওয়ার জন্য তিনি শিল্পী জিমিনের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

LEAVE A REPLY