ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ৬ লাখ ১০ হাজার টাকার সমপরিমাণ জাল নোটসহ চারজন পেশাদার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার শিবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, ফুলবাড়ীয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু সাইদ (২৬), বরগুনা জেলার তালতলী উপজেলার কবিরাজপাড়ার আব্দুর রশিদের ছেলে মোস্তফা ফাঁকি (৪৮) এবং একই জেলার তালতলী ম্যানেপাড়ার রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর গ্রামে জাল নোট বেচাকেনার খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের মোট ৬১০টি জাল নোট জব্দ করা হয়, যার মোট পরিমাণ ৬ লাখ ১০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা এসব জাল নোটের বিস্তার রোধে এবং চক্রটির মূল হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের কঠোর অভিযান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










































