চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে বড় পরিবর্তন এনেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আসন্ন সিনেমা ‘ঈঠা’র একটি বিশেষ অংশের শুটিংয়ের জন্য প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি।পরে সিনেমার শেষ গানের দৃশ্যের জন্য আবার ১২ থেকে ১৫ কেজি ওজন কমান অভিনেত্রী। সম্প্রতি সিনেমাটির নৃত্যপরিচালক বৈভবী মার্চেন্ট এ তথ্য জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভবী বলেন, পরিচালক লক্ষ্মণ উতেকার সিনেমাটির শুটিংয়ের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা করেছিলেন। গল্পের দ্বিতীয়ার্ধ ও শেষের গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।ফলে চরিত্রের ওই পর্যায়ের জন্য ওজন বাড়ানোর পরই শুটিংয়ে অংশ নিতে হয় শ্রদ্ধাকে।
বৈভবী জানান, ওজন বাড়ার কারণে সিনেমার লাবণী নাচের দৃশ্যগুলো শ্রদ্ধার জন্য আরো কঠিন হয়ে উঠেছিল। এই নাচে দ্রুত শরীরের ভঙ্গি পরিবর্তন করতে হয়। বাড়তি ওজনের কারণে হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ার পাশাপাশি শারীরিক সক্ষমতারও পরীক্ষা দিতে হয়েছে অভিনেত্রীকে।তাই দীর্ঘ মহড়ার পাশাপাশি শারীরিক প্রস্তুতিও নিতে হয়েছে তাকে।
শ্রদ্ধার এই প্রস্তুতি নিয়ে এর আগে পরিচালক লক্ষ্মণ উতেকারও কথা বলেছিলেন। তার ভাষ্য, প্রতিটি গানের জন্য টানা ২৫ দিন মহড়া দিয়েছিলেন শ্রদ্ধা। প্রতিদিন প্রায় আট ঘণ্টা অনুশীলন করতেন তিনি। এ সময় দুই পায়ে মোট ৮ কেজি ওজনের ঘুঙুর পরে নাচের অনুশীলন করতে হতো অভিনেত্রীকে।
পরিচালক আরো জানান, দীর্ঘ অনুশীলনের কারণে শ্রদ্ধার পা ফুলে যেত। তামাশা ও লাবণী নাচের গভীরতা বুঝতে এবং এই শিল্পরীতি আয়ত্ত করতে নিজেকে চরিত্রের জগতে ডুবিয়ে দিয়েছিলেন তিনি। গানের শুটিংয়ের প্রথম দিন ভালোভাবে শেষ হলেও দ্বিতীয় দিন পেশিতে চোট পান শ্রদ্ধা। এ কারণে সাময়িকভাবে শুটিং বন্ধ রাখতে হয়।
‘ঈঠা’ সিনেমাটি নির্মিত হয়েছে লাবণী ও তামাশা শিল্পের জনপ্রিয় শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। লক্ষ্মণ উতেকার পরিচালিত সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমার সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় নামবে ছবিটি।








































