ইয়েমেনে ১৫৯ জন সরকারপন্থী যোদ্ধাকে মুক্তি দিল হুতি বিদ্রোহীরা

ইয়েমেনে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় ১৫৯ জন সরকারপন্থী যোদ্ধাকে মুক্তি দিয়েছে হুতি বিদ্রোহীরা। বার্তা সংস্থা এএফপির সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।সম্প্রতি দেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর ইরান-সমর্থিত গোষ্ঠীটি এই পদক্ষেপ গ্রহণ করে।

রাজধানী সানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুতি কর্মকর্তা আবদেল কাদির আল-মুরতাদা জানান, লোহিত সাগর উপকূলীয় এলাকার কৌশলগত অবস্থানগুলো হুতিদের নিয়ন্ত্রণে আসার পর এই বন্দিরা কোনো ধরনের যুদ্ধ ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ১৫৯ জন বন্দির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার গ্রহণ, পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের যাতায়াতের সার্বিক ব্যবস্থাপনায় তারা সরাসরি সহায়তা প্রদান করেছে।

হু্তি কর্মকর্তা আবদেলকাদির আল-মুরতাদা আরো জানান, গত মাসে হোদাইদাহ গভর্নরেটে আত্মসমর্পণের পর ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় এ পর্যন্ত সর্বমোট ৩২৩ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY