বেলুচিস্তানে শিক্ষককে তুলে নিয়ে হত্যা, আসামিদের আশ্রয়ের অভিযোগ স্বজনদের

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে এক শিক্ষককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন ও হত্যার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন নিহত শিক্ষকের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।এ সময় আসামিদের আশ্রয়ের অভিযোগ তুলে তারা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে গুরুত্বপূর্ণ মাকরান কোস্টাল হাইওয়ে অবরোধ কর্মসূচি করা হবে।

দ্য বেলুচিস্তান পোস্টের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, নিহত শিক্ষকের নাম পারভেজ মাজার। তিনি বেলুচিস্তানের গোয়াদর জেলার উপকূলীয় শহর পাসনির বাব্বর শোর সরকারি উচ্চবিদ্যালয়ে আরবি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার পরিবারের সদস্যদের সামনেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়।পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাষ্ট্র-সমর্থিত বলে অভিযোগ রয়েছে এমন একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাকে অপহরণ করে একটি নির্যাতনকেন্দ্রে নিয়ে যায়। সেখানে আটকে রেখে নির্যাতনের পর তাকে হত্যা করা। 

বিক্ষোভকারীরা বলছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের রক্ষা করার চেষ্টা করছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

শিক্ষক পারভেজ মাজারের মৃত্যুর প্রতিবাদে তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পাসনি প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভকারীদের মধ্যে নিহত শিক্ষকের সন্তানরাও ছিল। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহত শিক্ষকের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্তৃপক্ষ দাবিতে সাড়া না দিলে পাসনি জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি মাকরান কোস্টাল হাইওয়ে অবরোধ করা হতে পারে বলেও হুশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা আরও বলছেন, পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে বেসামরিক নাগরিকদের অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগে অভিযুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, পারভেজ মাজার নামের ওই শিক্ষককে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের পর হত্যার ঘটনায় বেলুচিস্তানের অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো ‘ডেথ স্কোয়াড’ শব্দটি ব্যবহার করে এমন কিছু সশস্ত্র গোষ্ঠীকে বর্ণনা করছেন। ওই ডেথ স্কোয়াডের বিরুদ্ধে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমর্থন পাওয়ার অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে বেসামরিক নাগরিক, রাজনৈতিক কর্মী ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগও রয়েছে। 

পাকিস্তানের বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতা, নিরাপত্তা অভিযান এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ক রয়েছে। প্রদেশটিতে অপহরণ, গুম এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ও প্রতিবাদ হয়েছে। শিক্ষক পারভেজ মাজারের মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক বিক্ষোভ সেই অস্থির পরিস্থিতিকে আবারও সামনে এনেছে।

LEAVE A REPLY