সংগৃহীত ছবি
ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ গাড়িতে করে ফেরার পথে মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায় মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা। তবে ষষ্ঠ গুলিটি ছোড়ার মুহূর্তে অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতকারীর মধ্যে দুজন টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে অভিনেতার গাড়িচালক ফেরদৌসসহ দুজন আহত হন। চালক গুলিবিদ্ধ হওয়ার পর টাইগার নিজেই গাড়ির চালকের আসনে বসে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
কিন্তু কেন টাইগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো?
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি অডিও বার্তার মাধ্যমে হামলার দায় স্বীকার করেন।ওই বার্তায় দাবি করা হয়, বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে টাইগারের ঘনিষ্ঠতা এবং তাদের নির্দেশ অমান্য করার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে অডিও বার্তায় করা এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। হামলার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে, ঘটনার পর দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মহারাষ্ট্র সরকার।মুম্বাই পুলিশ ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, টাইগার শ্রফ বর্তমানে নিরাপদে রয়েছেন। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।










































