মা হওয়ার মাত্র ছয় সপ্তাহ পরই ভিক্টোরিয়াস সিক্রেটের র্যাম্পে ফিরলেন সুপারমডেল বারবারা পালভিন। তার এই প্রত্যাবর্তনের মুহূর্তে দর্শকসারিতে উপস্থিত ছিলেন স্বামী ও অভিনেতা ডিলান স্প্রাউস।স্ত্রীকে র্যাম্পে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি, ক্যামেরায় ধারণ করেন সেই মুহূর্তও।
বারবারা পালভিন ও ডিলান স্প্রাউসের প্রথম সন্তান, কন্যা সিলভির জন্ম হয় গত ৭ সেপ্টেম্বর। সন্তান জন্মের ছয় সপ্তাহের মাথায় বারবারার র্যাম্পে ফেরা তাই এবারের ফ্যাশন শোতে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
শোতে বারবারার প্রথম লুক ছিল হালকা গোলাপি রঙের স্বচ্ছ মিনিড্রেস।অসমান হেমলাইনের পোশাকটির সঙ্গে ছিল ভিক্টোরিয়াস সিক্রেটের বড় হুপ কানের দুল। হালকা মেকআপ ও খোলা চুলে র্যাম্পে হাজির হন তিনি। হাঁটার সময় গায়িকা মেগান মোরোনিকে উদ্দেশ করে চুমু ছুড়ে দেন বারবারা। দর্শকসারিতে বসে থাকা ডিলান তখন উঠে দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এবং স্ত্রীকে উৎসাহ দেন।
পরে সাদা রঙের অলংকারখচিত করসেটের সঙ্গে লম্বা স্বচ্ছ ট্রেন ও তুষারকণার নকশায় তৈরি ডানার মতো অনুষঙ্গেও দেখা যায় তাকে।
‘পরিবার ও বন্ধুদের সমর্থন ছাড়া সম্ভব হতো না’
র্যাম্পে ফিরতে পেরে নিজের আনন্দের কথা জানিয়েছেন বারবারা। ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিবার ও বন্ধুদের উৎসাহ এবং সহযোগিতা তার জন্য অনেক বড় সহায়তা ছিল। তাদের সমর্থন ছাড়া এই প্রত্যাবর্তন সম্ভব হতো না বলেও জানান তিনি।
পেজ সিক্সকে দেওয়া বক্তব্যে সন্তান জন্মের ছয় সপ্তাহ পর র্যাম্পে ফেরার প্রসঙ্গেও কথা বলেন মডেলটি।তার ভাষ্য, মাতৃত্বকালীন ছুটি সাধারণত ছয় থেকে আট সপ্তাহের হয়। সেই হিসাবে তিনি নিজের প্রত্যাবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। র্যাম্পে তার কাজ মূলত হেঁটে যাওয়া—এ কথাও উল্লেখ করেন তিনি।
২০১৭ সালে হারপার’স বাজার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় বারবারা পালভিন ও ডিলান স্প্রাউসের। ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিগ সুরে বাগ্দান করেন তারা। এরপর ২০২৩ সালের জুলাইয়ে বারবারার নিজ দেশ হাঙ্গেরিতে বিয়ে করেন এই জুটি।










































