রুশ হুমকি মোকাবেলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে ন্যাটো সদস্য দেশ

রুশ আগ্রাসন ও ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা দিয়েছে ন্যাটো সদস্য দেশ ডেনমার্ক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র ক্রয়ের এই সিদ্ধান্ত ঘোষণা করেন।এই পদক্ষেপকে উসকানিমূলক আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডেনিশ বিমানবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য আমেরিকার ‘অ্যান্থেম’ ক্ষেপণাস্ত্র (যা জার্মানিতে উৎপাদিত) এবং নরওয়ের ‘কংবার্গ’ কোম্পানির তৈরি জয়েন্ট স্ট্রাইক মিসাইল কেনা হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও বাজেট গোপন রাখা হয়েছে।

ইউরোপে ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র কেনার ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করেছে ন্যাটো সদস্য দেশটি।

ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী জেপ্পে ব্রুস বলেন, ‘আমরা বর্তমানে একটি অত্যন্ত গুরুতর নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আক্রান্ত হলে শত্রুপক্ষের সীমানার গভীরে আঘাত হেনে নিজেদের রক্ষা করা সম্ভব হবে।’

এদিকে কোপেনহেগেনে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে ডেনমার্ককে সতর্ক করে বলেছে, মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে এই সিদ্ধান্ত। একটি পারমাণবিক শক্তির বিরুদ্ধে ডেনমার্কের এই সামরিক প্রস্তুতিকে তারা ‘বিপজ্জনক বিভ্রম’ বলে আখ্যা দিয়েছে।

ইউক্রেন যুদ্ধের পর থেকেই বাল্টিক অঞ্চলে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সামরিক বাজেট ও অস্ত্র উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়ে চলেছে ডেনমার্ক।

LEAVE A REPLY