চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ২ যুবক। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রীও।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ার সবুজ পাহাড়ের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি।
তবে নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে জানানো হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশে কর্মরত নজরুল ইসলাম নামের এক সদস্য জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দুই যুবক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতের উদ্ধার এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি সরিয়ে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থল থেকে টেকনাফের দক্ষিণ হ্নীলা এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহর একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি পাওয়া যায়।এই ঠিকানার সূত্র ধরেই পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে হাইওয়ে পুলিশ জানায়।









































