দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি

ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধ উপায়ে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নাগরিককে বিশেষ ট্রাভেল পারমিটের আওতায় দেশে ফেরত পাঠিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে ভারতের ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হস্তান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়।

ফেরত আসা ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাতে ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক মানবপাচারকারী দালাল চক্র তাদের রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে নিয়ে যায়। পরবর্তীতে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে দিনমজুর ও হকার হিসেবে কাজ শুরু করেন।

কাজের একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পুলিশ তাদের আটক করে। বিচার প্রক্রিয়া শেষে ভারতের আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের ইমিগ্রেশন ও প্রশাসনিক যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি জানান, ইমিগ্রেশনের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ফেরত আসা নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY