‘জওয়ান’-এর পর আবারও একসঙ্গে ফিরছেন, ইঙ্গিত শাহরুখের!

সংগৃহীত ছবি

‘জওয়ান’-এর সাফল্যের পর আবারও পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমাটির শুটিংয়ের দিনগুলোর উন্মাদনা ও আনন্দ এখনো মিস করেন তিনি।সম্প্রতি অ্যাটলির জন্মদিনের শুভেচ্ছার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নতুন করে একসঙ্গে কাজ করার ইঙ্গিতও দিয়েছেন কিং খান।

গত ২ নভেম্বর ছিল নির্মাতা অ্যাটলির জন্মদিন। এ উপলক্ষে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে এক্সে (সাবেক টুইটার) একটি বিশেষ পোস্ট করেন তিনি। সেখানে শাহরুখের আগামী সিনেমা ‘কিং’-এর প্রতিও নিজের আগ্রহ প্রকাশ করেন এই নির্মাতা।

জবাবে শাহরুখ লেখেন, ‘ধন্যবাদ আমার ‘জওয়ান’ ক্যাপ্টেন। আমাদের শুটিং সেটের সেই উন্মাদনা খুব মিস করছি। চলো, শীঘ্রই আরও নতুন কিছু তৈরি করি। অনেক ভালোবাসা।’

শাহরুখের এই বার্তার পর থেকেই দুই তারকার সম্ভাব্য পুনর্মিলন নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অ্যাটলি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন কিং খান, এসআরকে স্যার! ‘তু মিল যায়ে’ গানটি দারুণ। আপনাকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, ‘কিং’ সিনেমার অপেক্ষায় আছি।’

শুধু জন্মদিনের শুভেচ্ছাই নয়, নিজের চলচ্চিত্রজীবনে শাহরুখের অবদানের কথাও তুলে ধরেন অ্যাটলি। কিং খানকে নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা উল্লেখ করে তিনি লেখেন, ‘এই অসাধারণ যাত্রায় আমার মেন্টর, পথপ্রদর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।আপনার সঙ্গে কাটানো সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে—শুধু সিনেমা সম্পর্কেই নয়, জীবন, মানুষ এবং কীভাবে মাটির কাছাকাছি (বিনয়ী) থাকতে হয়, তাও শিখেছি। চিরকৃতজ্ঞ।’

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছিল শাহরুখ খান ও অ্যাটলির প্রথম যৌথ কাজ। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল ১ হাজার ১৬০ কোটি রুপির বেশি। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি শাহরুখের ক্যারিয়ারেও বিশেষ অর্জন যোগ করে। ‘জওয়ান’-এ অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান তিনি।

ছবিটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

এদিকে শাহরুখকে শিগগিরই দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ। আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ ছবিটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে অ্যাটলি ব্যস্ত রয়েছেন তার পরবর্তী বড় বাজেটের কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা ‘রাকা’ নিয়ে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। ছবিতে নায়িকা হিসেবে থাকছেন দীপিকা পাড়ুকোন।

LEAVE A REPLY