পর্দায় কোনো চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে অভিনয়ের পাশাপাশি নিজের জীবনযাপনেও পরিবর্তন আনতে হয় অভিনেতাদের। বিশেষ করে পৌরাণিক চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে প্রস্তুতির মাত্রা থাকে আরো বেশি।বলিউড অভিনেতা রণবীর কাপুরও ‘রামায়ণ’ সিনেমায় ভগবান রামের চরিত্রের জন্য বদলে ফেলেছেন খাদ্যাভ্যাস। মদ্যপান, ধূমপান ছেড়ে নিরামিষ খাবারে অভ্যস্ত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে কঠোর নিয়মের মধ্যেও নিজের একটি পছন্দের খাবার ছাড়তে পারেননি তিনি। সেটি হলো চিজকেক।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের খাবারের অভ্যাস, পছন্দের খাবার এবং ফিটনেস রুটিন নিয়ে কথা বলেছেন রণবীর। অভিনেতার ভাষ্য অনুযায়ী, কোন চরিত্রে অভিনয় করছেন, তার ওপর নির্ভর করে তার খাদ্যতালিকা। পর্দায় চরিত্রের চেহারা ও শারীরিক গঠন ফুটিয়ে তুলতে খাবারের ধরনেও পরিবর্তন আনতে হয়। তবে সব সময়ই বাড়িতে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করেন তিনি।রণবীর জানান, প্রায় ৯৯ শতাংশ সময় তার খাবারের তালিকায় থাকে ঘরের রান্না।
সকালের নাশতায় কী খান রণবীর?
নিজেকে সকালের নাশতাপ্রিয় মানুষ বলে পরিচয় দিয়েছেন রণবীর। তবে প্রতিদিন একই ধরনের খাবার খান না তিনি। কোনো দিন সকালের নাশতায় থাকে পোহা, আবার কোনো দিন প্রোটিন শেক পান করেন। কখনো ব্যস্ততা কিংবা অন্য কারণে সকালের খাবার বাদও পড়ে যায়।

যে খাবারের জন্য ডায়েট ভাঙতে রাজি
খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেও মিষ্টির প্রতি ভালোবাসা কমেনি রণবীরের। অভিনেতা জানিয়েছেন, প্রতি রাতে এক টুকরা চকলেট খেতে পছন্দ করেন তিনি। তবে ডার্ক চকলেটের চেয়ে মিল্ক চকলেটই তার বেশি পছন্দ।
চিজকেকও তার অন্যতম প্রিয় মিষ্টি খাবার। এমনকি এই খাবারটির জন্য নিজের ডায়েট ভাঙতেও আপত্তি নেই তার। শুধু মিষ্টি নয়, মাঝেমধ্যে পছন্দের খাবার খেতে চাইলে পিৎজা কিংবা চাইনিজ খাবার অর্ডার করেন অভিনেতা। অর্থাৎ কঠোর খাদ্যনিয়মের মধ্যেও নিজের পছন্দের খাবারের জন্য কিছুটা জায়গা রাখেন তিনি।

ফিটনেস রুটিনে বরফপানির গোসল থেকে রেড লাইট থেরাপি
খাবারের পাশাপাশি শরীরচর্চা ও সুস্থতার বিষয়েও আগ্রহ বেড়েছে রণবীরের। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফিটনেসের পাশাপাশি শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়া ও সামগ্রিক সুস্থতার দিকে এখন বেশি মনোযোগ দিচ্ছেন। তার রুটিনে রয়েছে বরফঠান্ডা পানিতে গোসল, সনা, হাইপারবারিক অক্সিজেন থেরাপি (এইচবিওটি) এবং রেড লাইট থেরাপি। এসব পদ্ধতির মাধ্যমে শরীরের যত্ন ও সুস্থতা বজায় রাখার চেষ্টা করছেন তিনি।

দেড় বছর রুটি খাননি রণবীর
রণবীরের খাদ্যাভ্যাস নিয়ে পুরোনো একটি তথ্যও রয়েছে। ২০২২ সালে আজতাককে দেওয়া এক সাক্ষাৎকারে তার ফিটনেস প্রশিক্ষক শিবোহাম জানিয়েছিলেন, একসময় টানা দেড় বছর রুটি খাননি অভিনেতা। চরিত্রের প্রয়োজনে নিজের খাবারের তালিকায় কতটা পরিবর্তন আনতে পারেন, সেই উদাহরণ হিসেবেই বিষয়টি সামনে এসেছিল।
সব মিলিয়ে, ‘রামায়ণ’-এর জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন রণবীর। তবে চরিত্রের প্রয়োজনে অনেক খাবার থেকে দূরে থাকলেও চকলেট ও চিজকেকের প্রতি তার ভালোবাসা এখনো অটুট।











































