নতুন মজুরিকাঠামো প্রত্যাখ্যান

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত ঘিরে অসন্তোষ কাটেনি শ্রমিকদের মধ্যে। বরং নতুন মজুরিকাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের প্রধান শিল্পাঞ্চল।

গতকাল বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ৮৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। একইসঙ্গে শিল্পাঞ্চলসহ ৮ জেলায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এদিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক জানান, নতুন কাঠামোয় সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ৩৬ শতাংশ বেশি। অন্যদিকে শ্রম উপদেষ্টা মাহদী আমিনের দাবি, তিন বছরের ব্যবধানে গ্রেডভেদে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকদের সক্ষমতা ও দেশের অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান। তবে সরকারের এ ব্যাখ্যার পরও শ্রমিকদের অসন্তোষ না কমায় তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনার পর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমীন লেখেন, তিন বছরের ব্যবধানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য রেখেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এজন্য কোনো ধরনের উসকানিতে পা না দিতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ। গ্রেড-২-এর শ্রমিকদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৪০.১১ শতাংশ। এছাড়া গ্রেড-৩-এর শ্রমিকদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৪১.৭০ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ। দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো সুপারিশ করেছে। গতকাল নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে তৈরি পোশাক শ্রমিকদের গ্রেডভিত্তিক মজুরিকাঠামোয় ১ম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, ২য় গ্রেডে ২০ হাজার টাকা, ৩য় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং ৪র্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে বলে জানান কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক। তিনি বলেন, ২০২৩ সালে মজুরি বোর্ড কর্তৃক নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১.২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি পূর্বক ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, যেখানে ২০২৬ সালে মজুরি বোর্ড কর্তৃক নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধিপূর্বক ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যালোচনা করে দেখা যায়, এর আগে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে ২০২৬ সালে সুপারিশকৃত মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি।

মন্ত্রী নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করায় নিম্নতম মজুরি বোর্ডের বিজ্ঞ চেয়ারম্যান, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কার এনেছে এবং এর অংশ হিসেবে বেতন পুনর্নির্ধারণের সময়সীমা ৫ বছরের পরিবর্তে ৩ বছরে নিয়ে এসেছে। প্রতি ৩ বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এ উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিদিনের সংবাদেন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, বর্ধিত মজুরি প্রত্যাখ্যান করে দাবিকৃত মজুরি বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা গাজীপুরা বাসস্ট্যান্ড, এশিয়া পেট্রলপাম্প ও খাঁপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ধাওয়া দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সাড়ে ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, বুধবার সকাল ১০টায় বাগানবাড়ি এলাকার মণ্ডল ও তুসুকা, সাতাইশ এলাকার চায়না ও ভিয়েলাটেক্স এবং খাঁপাড়া এলাকার সিজন ড্রেসেস কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধ করলে তাদের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেওয়া হয়। পরে দুপুর ১২টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের অভিযোগ, নতুন করে নির্ধারিত ন্যূনতম মজুরি দিয়ে বর্তমান বাজারদরে সংসার চালানো কঠিন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই শ্রমিকের ভাষ্য, তারা আরো বেশি বেতন প্রত্যাশা করেছিলেন। কিন্তু ঘোষিত মজুরি তাদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে মজুরি নির্ধারণের পরও অসন্তোষ কাটেনি।

মজুরি বোর্ডের দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার রাতে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, তাদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে মজুরি নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের পর শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যা বুধবার বিক্ষোভে রূপ নেয়। গাজীপুরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সাতাইশ শাখা সড়কে সকালে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় তাদের কারো কারো হাতে লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্তত ৫ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ ছিল বলে জানান ওসি। টঙ্গী এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সদস্য সফিকুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে সাতাইশ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে গাজীপুর সদর মেট্রো থানা এলাকার জয়দেবপুর সড়কেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকাল ১০টায় সেখানে ১ হাজারের বেশি শ্রমিক সড়ক অবরোধ করেন। এ সময় একটি কারখানার প্রধান ফটকে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় থেকে সাতটি টিয়ার শেল নিক্ষেপ করে। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানান নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ।

৮৭ কারখানায় উৎপাদন বন্ধ : শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে গাজীপুর ও সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সেখানে ৩৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া শ্রমিক অসন্তোষের কারণে আরো ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। অর্থাৎ গাজীপুরে মোট ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৩২টি পোশাক কারখানা বন্ধ এবং অন্তত ১০টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইন অনুসারে ২২টি কারখানা বন্ধ রয়েছে। একটি কারখানা নোটিশ দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে। চলমান আন্দোলনের কারণে নতুন করে আরো ৯টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পাশাপাশি ১০টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। সব মিলিয়ে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ৮৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে একদিকে শ্রমিকদের কর্মসংস্থান ও দৈনন্দিন আয়ের ওপর প্রভাব পড়ছে; অন্যদিকে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের উৎপাদন কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিরাপত্তায় ৮ জেলায় বিজিবি : শিল্পাঞ্চলের চলমান পরিস্থিতির পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরো ৪ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। সহিংসতা, বিশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে— এমন কর্মকাণ্ড প্রতিরোধে সতর্কাবস্থানে রয়েছে বাহিনীটি।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং ঘোষিত মজুরি নিয়ে অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মহাসড়ক অবরোধের কারণে পণ্য পরিবহন, শ্রমিকদের যাতায়াত এবং শিল্পকারখানার নিয়মিত উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান জরুরি হয়ে উঠেছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়িয়ে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মজুরি কাঠামো এবং মালিকপক্ষের সক্ষমতা বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য সমাধান বের করাই এখন শিল্পাঞ্চলের স্থিতিশীলতা ফেরানোর প্রধান চ্যালেঞ্জ।

LEAVE A REPLY