সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ খবরের পর মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা বিবেচনায় বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ২ শতাংশ। প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬৮ ডলারে। এর আগে মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
হুথিরা জানায়, তারা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের আর্থিক জেলায় হামলা চালিয়েছে। সৌদি আরবের বৃহত্তম এই শোধনাগারটি এমন একটি শিল্প কমপ্লেক্সের অংশ, যেখানে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান টার্মিনালও রয়েছে।
তেলের দাম বৃদ্ধির পেছনে হুথিদের এই বিবৃতির প্রভাব রয়েছে বলে জানিয়েছেন পিভিএমের তেল বিশ্লেষক তামাস ভার্গা। তার মতে, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় তেলের দামে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য যুক্ত হয়েছে।
ভার্গা বলেন, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ছুটির আগে ব্যবসায়ীরা তাদের তেলের দরপতনের পক্ষে নেওয়া অবস্থান থেকে বেরিয়ে আসতে পারেন। এতে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও জোরালো হতে পারে।










































