মন্ত্রিপরিষদের কোটায় বরাদ্দ বাসা-ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাট সাবলেট কিংবা ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগে থেকে সাবলেট বা ভাড়া দেওয়া বাসা থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়াদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

ঘোষণায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দ প্রাপক কিংবা তাঁর পরিবার বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাট সম্পূর্ণ অথবা আংশিকভাবে (এক বা একাধিক কক্ষ) সাবলেট বা ভাড়া দিতে পারবেন না। যারা ইতিমধ্যে বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়াদের সরিয়ে দিয়ে বরাদ্দকৃত বাসায় নিজে বসবাস নিশ্চিত করতে হবে।

ঘোষণায় আরো বলা হয়, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরও কোনো বাসা বা ফ্ল্যাট সাবলেট কিংবা ভাড়া দেওয়া অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ব্যবস্থা নেওয়া হবে।এ ক্ষেত্রে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তর তাদের আওতাধীন সরকারি বাসা ও ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া বন্ধে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল। পরবর্তীতে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এই সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়।

LEAVE A REPLY