বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবেলার তথ্য জানিয়ে স্থানীয় সময় বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব করেছে। এতে বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
২০২৬ সালের ১১ মার্চ উৎপাদন খাতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত বিভিন্ন দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। এ তদন্তের আওতায় ছিল ১৬টি দেশ ও অর্থনৈতিক অঞ্চল। এগুলো হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, মেক্সিকো, জাপান ও ভারত।
ট্রেড অ্যাক্টের ৩০৪(বি)(১)(এ) ধারা অনুযায়ী, জনসাধারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত জানানোর সুযোগ দেয় ইউএসটিআর। এ জন্য লিখিত মতামত গ্রহণের পাশাপাশি গণশুনানির আয়োজন করা হয়। তদন্ত শুরুর নোটিশের পরিপ্রেক্ষিতে ১৬টি দেশ ও অর্থনৈতিক অঞ্চল নিয়ে প্রায় ১৪০ জন সাক্ষীর বক্তব্য এবং ১ হাজার ৭০টি লিখিত মতামত পেয়েছে সংস্থাটি।
আজ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ১৪টি পৃথক তদন্তের প্রতিটিতে সিদ্ধান্ত দিয়েছেন, উৎপাদন খাতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারতের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক। একই সঙ্গে এসব কর্মকাণ্ড ও নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বা বাণিজ্যকে সীমিত করছে। ফলে ট্রেড অ্যাক্টের ৩০১(বি) ধারার আওতায় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বলে সিদ্ধান্ত দিয়েছে ইউএসটিআর।
ইউএসটিআর বলছে, নতুন এই প্রস্তাবে বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ, চীনের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ, ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ (চুক্তি হলে ১৭ শতাংশ), ইন্দোনেশিয়ার পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ, জাপানের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ, কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ (চুক্তি হলে ১০ শতাংশ), সুইজারল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ, তাইওয়ানের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ (চুক্তি হলে ২০ শতাংশ) শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে চীনের সঙ্গে চলমান আলোচনা ও যোগাযোগের মাধ্যমে তদন্তে উঠে আসা সমস্যাগুলোর যথাযথ সমাধান না হলে, এ প্রস্তাবের বিকল্প হিসেবে দেশটির সব পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনার প্রস্তাব করা হয়েছে প্রতিবেদনে। এ ক্ষেত্রেও জোরপূর্বক শ্রমসংক্রান্ত তদন্তের শুল্ক বাদ দিয়ে হিসাব করা হবে। এছাড়া আপাতত মেক্সিকো ও নরওয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র।
তদন্তের পর বাংলাদেশের ক্ষেত্রে ইউএসটিআর বলেছে, বাংলাদেশের উৎপাদন ও রফতানি খাতের প্রসারে নেয়া শিল্পনীতি, উৎপাদনে প্রণোদনা, শ্রমিকদের অপর্যাপ্ত সুরক্ষা এবং আর্থিক খাতের বিভিন্ন নীতি দেশটির বাণিজ্যে বাধা সৃষ্টি করছে বলে মনে করছে ওয়াশিংটন। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের ক্ষেত্রে এসব অভিযোগ প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের অযৌক্তিক কর্মকাণ্ড, নীতি ও চর্চার মধ্যে রয়েছে— গুরুত্বপূর্ণ খাতগুলোতে উৎপাদনশিল্প টিকিয়ে রাখা ও সম্প্রসারণের লক্ষ্যে শিল্প পরিকল্পনা গ্রহণ, উৎপাদন ও রফতানি বাড়াতে বিভিন্ন প্রণোদনা দেয়া, শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, আর্থিক দমননীতি এবং অ-বাজারভিত্তিক অর্থনীতির দেশগুলো থেকে আমদানি ও প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত সমস্যা মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ না নেয়া।
যুক্তরাষ্ট্রের দাবি, বাংলাদেশের এসব কর্মকাণ্ড ও নীতির কারণে তিনভাবে দেশটির বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত, বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রফতানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে উৎপাদন, রফতানি, কর্মসংস্থান ও বিনিয়োগ কমে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃতীয়ত, বাজারভিত্তিক নয়—এমন অর্থনীতির দেশগুলোর উৎপাদিত উপকরণের ওপর নির্ভরতার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তাঝুঁকি বাড়ছে। বাংলাদেশের তৈরি পোশাক ও পোশাকশিল্প খাতের ক্ষেত্রে এসব বিষয় আরো বেশি প্রযোজ্য বলে প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউএসটিআর জানিয়েছে, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট এসব দেশের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বাধা সৃষ্টি করছে। এ কারণে একই আইনের ৩০১(বি) ধারায় দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিটি অর্থনীতির জন্য পৃথক প্রতিবেদনও প্রকাশ করেছে ইউএসটিআর। এসব প্রতিবেদনে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তের পক্ষে তথ্য ও যুক্তি তুলে ধরা হয়েছে।
এ সংক্রান্ত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কয়েক দশক ধরে আমাদের অনেক বাণিজ্যিক অংশীদার এমন শিল্পনীতি গ্রহণ করেছে, যার মূল লক্ষ্য উৎপাদন খাতকে বিশেষ সুবিধা দেয়া। এসব নীতির মধ্যে রয়েছে মজুরি ও শ্রমের ব্যয় কম রাখা, আর্থিক ও অন্যান্য সহায়তা দেয়া, বাজারভিত্তিক নয়—এমন উপকরণ ব্যবহার এবং বাজারব্যবস্থাকে বিকৃত করে এমন অন্যান্য চর্চা। এসবের মাধ্যমে তারা নিজেদের পক্ষে বাণিজ্য ভারসাম্য গড়ে তুলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল করছে।
তিনি আরো বলেন, ২০১৬ সাল থেকে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, শি জিন পিং ও এমানুয়েল মাখোঁর মতো নেতারা স্বীকার করে আসছেন, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিশ্ব অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে। জি-৭, জি-২০, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ধারাবাহিক আলোচনা ও বিবৃতি সত্ত্বেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এসব অন্যায্য কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে পদক্ষেপ নেয়ার প্রস্তাব করছেন।
তার মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের শ্রমিকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা এবং বিশ্ব অর্থনীতিকে আরো টেকসই পথে এগিয়ে নেয়া সম্ভব হবে।
ইউএসটিআর আরো জানিয়েছে, প্রস্তাবিত এসব পদক্ষেপ নিয়ে আগামী ২৫ জানুয়ারি শুনানি করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর। এ শুনানিতে অংশ নেয়ার আবেদন ও বক্তব্যের সারসংক্ষেপ জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি।











































