ইরানে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন নেই বলে জানিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যেকোনো সময় ইরানে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে ইসরাইলি সেনাবাহিনীর।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেফরিন বলেন, ইরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি। ইসরাইলকে ধ্বংস করার উদ্দেশ্যে তেহরান যে পরিকল্পনা করেছে, তা এখনো পরিত্যক্ত হয়নি।
তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবিলায় যেকোনো সময় সামরিক অভিযান চালাতে প্রস্তুত ইসরাইল। প্রয়োজনে দেশটি এককভাবেও এ ধরনের অভিযান পরিচালনা করতে সক্ষম।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি এবং উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও দিন দিন বাড়ছে।
এর আগে গত সেপ্টেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরাইলে হামলা চালালে ইরানকে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’ ফিরিয়ে দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে ইসরাইলের সামরিক কর্মকর্তাদের ধারাবাহিক কঠোর বক্তব্যে দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলার প্রস্তুতির কথা জানিয়ে ইসরাইল আবারও নিজেদের সামরিক অবস্থান স্পষ্ট করেছে।
এমএ











































