মেজর মান্নানসহ সাতজনের জামিন বাতিল প্রশ্নে রুল

সংগৃহীত ছবি

অর্থ আত্মসাতের মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর আব্দুল মান্নান (অব.) সহ সাতজনের জামিন কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে শুনানির পর আজ সোমবার (২২ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

২০২২ সালের ১ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের রাজিয়া সুলতানার নামে বিআইএফসি হতে মোট ৯ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৮৯২ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে টাকা স্থানান্তর ও রূপান্তর ঘটিয়ে আত্মসাৎ করেন।

এ মামলায় গত ৭ মার্চ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাতজনকে জামিন দেন। জামিন পাওয়া অন্য ছয়জন হলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক পরিচালক আ ন ম জাহাঙ্গীর, রইস উদ্দিন, রোকেয়া ফেরদৌস, ডিএমডি ইনামুর রহমান, পরিচালক এ কে এম মহিউদ্দিন আহমেদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফখরে ফয়সল।

পরে এই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।

LEAVE A REPLY