ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করা যাত্রীবাহী উড়োজাহাজের এক পাইলট আরেক পাইলটকে ছুরি মেরে উড়োজাহাজটি বিধ্বস্ত করা এবং যাত্রীদের মেরে ফেলার চেষ্টা করেছিলেন।
ককপিটে পাইলটদের মারামারির জেরে উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।নেতানিয়াহু এবং ইসরায়েল সরকার ঘটনাটিকে ইসরায়েলি যাত্রীদেরকে লক্ষ্য করে চালানো ‘জিহাদি সন্ত্রাসী’ হামলা হিসাবে উল্লেখ করেছে। সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গতকাল বুধবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আজ সকালে উড়োজাহাজে একটি বড় দুর্ঘটনা ঘটতে চলেছিল। উড়োজাহাজ ইসরায়েলের দিকে এগিয়ে যাওয়ার সময় এক পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করেছেন এবং যাত্রীসহ উড়োজাহাজটিকে ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে বিধ্বস্ত করার চেষ্টা করেছেন।’
তিনি আরো বলেন, ‘যাত্রীদের প্রায় সবাই ছিলেন ইসরায়েলি। আমি একজন ইসরায়েলি যাত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি এবং উড়োজাহাজের একজন কর্মী মিলে জোর করে পাইলটের কেবিনে (ককপিটে) ঢোকেন। তারা পাইলটকে বিমানের ক্ষতি করা থেকে ঠেকান।পরে আরেকজন কর্মী উড়োজাহাজটিকে নিরাপদে নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ এক মর্মান্তিক ঘটনা ঠেকাতে যারা চরম সাহস দেখিয়েছে এবং অগণিত জীবন বাঁচিয়েছে, সেই বীরদেরকে শ্রদ্ধা জানাই ।’
আক্রমণকারী পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলেও ভিডিও বিবৃতিতে জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘সৌদি আরব কর্তৃপক্ষ গ্রেপ্তার হওয়া পাইলটকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা ইসরায়েলি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদেরকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
মাঝ আকাশে ককপিটে ২ পাইলটের মারামারি : ছুরিকাহত একজন হাসপাতালে
সম্ভাব্য আরো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
বুধবার ইসরায়েলের কাছাকাছি পৌঁছানোর সময় প্রায় ১০৮ জন ইসরায়েলি যাত্রীবাহী ফ্লাইদুবাই ফ্লাইট এফজেড ১০৭৩ এর ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ শুরু হলে জরুরি সংকেত পাঠানো হয়।
এতে কিছু সময়ের জন্য উড়োজাহাজটি ছিনতাই হয়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। পাইলটদের মধ্যে মারামারি চলাকালে উড়োজাহাজটি ৩০ সেকেন্ডেরও কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল বলে জানায় ফ্লাইটরাডার২৪।
সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কায় ইসরায়েলের কর্মকর্তারা যুদ্ধবিমান পাঠান। পরে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল পোনে ১০টার দিকে জরুরি অবতরণ করে। উড়োজাহাজের আহত ক্যাপ্টেন ও কো-পাইলটকে হাসপাতালে নেওয়া হয়।










































