সংগৃহীত ছবি
বাবা হয়েছেন ‘লুট গায়ে’ খ্যাত বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। গত ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর উৎসবের আবহে পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী।নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন জুবিন ও তার পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। ইতিমধ্যে হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন তারা।
তবে ছেলের নাম কী রাখা হবে, তা এখনো চূড়ান্ত করেননি জুবিন ও তার স্ত্রী।আপাতত নাম ঠিক করার চেয়ে সন্তানকে ঘিরে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেই বেশি ব্যস্ত তারা। বাবা হওয়ার আনন্দ যে জীবনের অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে, গায়কের কথাতেই মিলেছে তার আভাস।
এক সাক্ষাৎকারে জুবিন জানিয়েছেন, এখন এক মুহূর্তের জন্যও ছেলেকে চোখের আড়াল করতে ইচ্ছা করে না তার। তবে কাজের প্রয়োজনে শিগগিরই সন্তানকে ছেড়ে দূরে যেতে হবে এই গায়ককে।আগামী ডিসেম্বরে রয়েছে তার যুক্তরাষ্ট্র সফর। আর সেই সফরের কথা ভাবতেই মন খারাপ হচ্ছে তার।
এত দিন গান, মঞ্চ আর বিভিন্ন দেশে সফর ঘিরেই ব্যস্ত ছিল জুবিনের জীবন। কিন্তু বাবা হওয়ার পর জীবনের অগ্রাধিকারে যে পরিবর্তন এসেছে, তা স্পষ্ট তার কথায়। আপাতত কাজের ব্যস্ততার চেয়ে ছেলের সঙ্গে কাটানো সময়ই বেশি উপভোগ করছেন তিনি।
জুবিনের ব্যক্তিজীবন বরাবরই আড়ালে। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরাখণ্ডে ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেন তিনি। একেবারেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের খবরও ভক্তরা জানতে পারেন পরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে।
স্ত্রীর নাম কিংবা পেশা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি এই সংগীতশিল্পী। এমনকি বলিউডের পরিচিত মুখদের নিয়ে বড় কোনো আয়োজনও করেননি তারা। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন জুবিন। তবে এবার বাবা হওয়ার আনন্দের খবরটি আর গোপন থাকেনি।











































