ওবায়দুল কাদের। ফাইল ছবি
আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। গতকাল সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবেলার সব প্রস্তুতি তদারকি করেছেন। দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কয়েকজনের মৃত্যু হয়েছে। উপকূলে অনেক বেশি জলোচ্ছ্বাস হয়েছে। ঘরবাড়ি, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
সরকার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করছি।
দুর্যোগে বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না অভিযোগ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তারা ফটোসেশন করে।
দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ায় না। আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটোসেশন। রোজার মাসেও আমরা মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি আর তারা ইফতার পার্টি করেছে। আমাদের সঙ্গে নীতিগতভাবে অনেক পার্থক্য রয়েছে। মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখেছে বলে আমার জানা নেই।
’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে এসেছে, শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন। তিনি উদারভাবে সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। আমরা দিনের পর দিন, মাসের পর মাস রোহিঙ্গাদের পাশে ছিলাম। কিন্তু বিএনপি নেতাকর্মীরা এক দিন, বড় জোর দুই দিন তাঁরা ফটোসেশনের জন্য গিয়ে চলে এসেছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।











































