‘দেশু ৭’-এর নেগেটিভ রিভিউতে ২০ হাজারের প্রস্তাব, ক্ষুব্ধ দেব!

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার অভিনেতা দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। আগামীকাল প্রকাশ পাবে সিনেমাটির ট্রেলার।ট্রেলার প্রকাশ উপলক্ষে জমকালো আয়োজনের পরিকল্পনা করেছেন অভিনেতা ও পরিচালক। অনুষ্ঠানে দেব ও শুভশ্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে জিৎ-এরও। তবে ট্রেলার প্রকাশের আগেই সিনেমাটি নিয়ে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ই-মেইলের ছবি প্রকাশ করেছেন অভিনেতা।সেখানে দাবি করা হয়েছে, দেবের নতুন সিনেমার ট্রেলার নিয়ে নেতিবাচক পর্যালোচনা করলে নির্দিষ্ট অর্থ দেওয়া হবে। প্রতিটি পর্যালোচনার জন্য ২০ হাজার রুপি দেওয়ার প্রস্তাব রয়েছে। বেশি মানুষের কাছে সেই পর্যালোচনা পৌঁছে দিতে পারলে অর্থের পরিমাণ আরো বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

May be an image of text

শুধু তা-ই নয়, ওই ই-মেইলে বলা হয়েছে, পর্যালোচনাটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের মতামত হবে না; বরং নির্দিষ্ট করে দেওয়া একটি লেখা অনুযায়ী তা প্রকাশ করতে হবে।যাকে ই-মেইলটি পাঠানো হয়েছে, তিনি আগ্রহী হলে রাতের মধ্যেই যোগাযোগ করার কথাও উল্লেখ রয়েছে।

ই-মেইলের ছবিটি প্রকাশ করে দেব লেখেন, ‘দেশু ৭ ট্রেলার মুক্তি পাওয়ার আগেই কিছু ইউটিউবার এবং রিভিউয়ারদের টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে নেগেটিভ রিভিউ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এমনকি নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী এই নেগেটিভ প্রচার ছড়ানোর কথা বলা হয়েছে।’

দেবের মতে, যেকোনো সিনেমার ক্ষেত্রেই সমালোচনা স্বাভাবিক। একটি সিনেমা যেমন দর্শকের ভালো লাগতে পারে, তেমনই কারো কাছে সেটি ভালো নাও লাগতে পারে।দর্শকদের নিজেদের মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে সেই মতামত যদি অর্থের বিনিময়ে আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে সেটিকে আর স্বাভাবিক সমালোচনা বলা যায় না।

অভিনেতা জানান, দর্শকদের ওপর তার বিশ্বাস রয়েছে। ট্রেলার প্রকাশের পর দর্শকরা নিজেদের বিচার-বিবেচনা থেকেই সিনেমাটি সম্পর্কে মতামত দেবেন। সমালোচনা করতে হলে কারো কথায় প্রভাবিত না হয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত থেকেই তা করার অনুরোধ জানিয়েছেন দেব।

সবশেষ তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমাদের ছবির ওপর, আমাদের গোটা টিমের ওপর, আর সবথেকে বেশি আমাদের দর্শকের ওপর। আগামীকাল দেশু ৭-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন—কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।’

LEAVE A REPLY