রিমালের প্রভাব : ১৯ উপজেলায় ভোট স্থগিত

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত ও দুর্গত এলাকা বিবেচনায় দেশের ১৯ উপজেলা পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বুধবার তৃতীয় ধাপে এসব উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এখন ১৯টি বাদ দিয়ে ভোট হবে ৯০ উপজেলায়। 

গতকাল সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসিসচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভোট স্থগিত হওয়ার মধ্যে ১৮টি উপকূলীয় উপজেলা এবং একটি পার্বত্য উপজেলা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে কোথাও পানি ঢুকেছে, কোথাও বিদ্যুৎ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাই ওই সব এলাকায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হলো—বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর সদর উপজেলা, দুমকী ও মির্জাগঞ্জ; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমুদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি।

ইসিসচিব বলেন, ‘মাঠ পর্যায় থেকে জেলা প্রশাসকদের পাঠানো তথ্যের ভিত্তিতে ভোট স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের আগে আরো কোনো উপজেলার তথ্য এলে সেগুলোও বন্ধ করা হতে পারে।’

LEAVE A REPLY