সপ্তাহ শেষে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে

ফাইল ছবি

বর্ষার বার্তাবাহী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে ছড়িয়ে পড়লেও তা এখনো কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। ফলে দেশের কোনো কোনো অঞ্চলে ভারি বৃষ্টি হলেও বেশির ভাগ অঞ্চলেই তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না। বৃষ্টি না থাকায় কোনো কোনো জেলার ওপর তাপপ্রবাহও বয়ে যাচ্ছে কিছুদিন ধরে। সেই সঙ্গে রয়েছে অস্বস্তিকর ভাপসা গরম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ রকম পরিস্থিতি থাকতে পারে আরো কিছুদিন, তবে মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে আগামী ১৩ জুন থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। 

সার্বিকভাবে অবশ্য আগের দিনের তুলনায় সারা দেশে বৃষ্টিপাত কিছুটা বেড়েছে গতকাল বৃহস্পতিবার। এতে আগের দিনই ১৮ জেলায় তাপপ্রবাহ থাকলেও গতকাল তা কমে সাত জেলায় নেমে আসে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুক্রবার বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে, তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর ভাপসা গরম অনুভূত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। আগামী দুদিন বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। তবে ১৩ জুনের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ৩৮ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জয়পুরহাটে, ৯৪.৪ মিলিমিটার। এ ছাড়া গাইবান্ধায় ৭৬.৪ মিলিমিটার, গাজীপুরে ৭১.৬ মিলিমিটার ও টাঙ্গাইলে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

এদিকে গতকাল রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে। আজ শুক্রবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও পটুয়াখালীতে, ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

LEAVE A REPLY