ইউক্রেনে রুশ হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।

রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। এ ছাড়া সামারা অঞ্চলের অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও মিশ্রণকেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোর্তোস্তানের তেল পাইপলাইন পাম্পিং স্টেশন এলপিডিএস নুরলিনোতেও হামলা চালানো হয়। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, হামলার কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হতে পারে।

শনিবার সকালে বিমান হামলার সতর্কতা জারির পর কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় ড্রোন হামলার ঘটনাও ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজেও হামলা চালানোর দাবি করেছে মস্কো।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া কিয়েভে রুশ হামলায় এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া এলাকায় একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে হাসপাতালের প্রধান চিকিৎসকও রয়েছেন বলে জানিয়েছে রুশ-সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষ।

জাপোরিঝঝিয়া ইউক্রেনের চারটি অঞ্চলের একটি, যেগুলোকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে। অঞ্চলটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে লড়াই চলছে।

ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়ায় ৭০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এসব হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক স্থাপনাগুলো।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা বিরল বলেও দাবি করেছে মস্কো।

তবে ইউক্রেন মোট কতটি ড্রোন ছুড়েছিল কিংবা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি রাশিয়া।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানীর দিকে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের বিস্তৃত অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে। এর বেশির ভাগই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

LEAVE A REPLY