‘কিং’ দিয়ে দুই দশক পর যে রেকর্ড ভাঙছেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারে ফিরছে পুরনো এক অধ্যায়। দীর্ঘ ২০ বছর পর আবারও তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তার আগামী ছবি ‘কিং’-এর সম্ভাব্য দৈর্ঘ্য হতে পারে ৩ ঘণ্টা ১৭ মিনিট।

যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় অনলাইন টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যানডাঙ্গোর তথ্য অনুযায়ী, এমন দৈর্ঘ্য নিয়েই মুক্তি পেতে পারে সিনেমাটি। যদিও সপ্তাহের শুরুতে ‘কিং’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৫ মিনিট হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল।

ফ্যানডাঙ্গোর দেওয়া তথ্য সঠিক হলে, ২০০৬ সালের পর এই প্রথম তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমায় দেখা যাবে শাহরুখকে।সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায় তিন ঘণ্টার বেশি সময় পর্দায় ছিলেন তিনি।

একসময় শাহরুখের সিনেমায় দীর্ঘ দৈর্ঘ্য ছিল বেশ পরিচিত। ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে মুক্তি পাওয়া তার বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার দৈর্ঘ্য ছিল তিন ঘণ্টার বেশি। এর মধ্যে রয়েছে ‘মোহাব্বাতে’ (২০০০), ‘কাভি খুশি কাভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪) ও ‘স্বদেশ’ (২০০৪)।এসব সিনেমার মধ্যে ‘মোহাব্বতে’র দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৩৫ মিনিট, যা শাহরুখের ক্যারিয়ারের দীর্ঘতম সিনেমাগুলোর একটি।

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা নির্মাণের ধরন। দর্শক তুলনামূলক কম দৈর্ঘ্যের ও গতিশীল সিনেমা দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন—এমন ধারণা থেকে নির্মাতারাও সিনেমার দৈর্ঘ্য কমিয়ে আনতে শুরু করেন। শাহরুখের ‘জাব তাক হ্যায় জান’ (২০১২) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমা দুটির দৈর্ঘ্যও ছিল তিন ঘণ্টার সামান্য কম।

সাম্প্রতিক সময়েও সেই প্রবণতা দেখা গেছে।২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের ব্যবসাসফল সিনেমা ‘পাঠান’-এর দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ২৬ মিনিট। একই বছরের ‘জওয়ান’ ছিল ২ ঘণ্টা ৪৯ মিনিটের।

তবে বড় দৈর্ঘ্যের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে। ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’ ও ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘ দৈর্ঘ্যের সিনেমার বক্স অফিস সাফল্য দেখিয়েছে, গল্প ও নির্মাণ দর্শকের মনোযোগ ধরে রাখতে পারলে সিনেমার দৈর্ঘ্য বড় হওয়া বাধা হয়ে দাঁড়ায় না।

সেই বিবেচনায় বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এর সম্ভাব্য ৩ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যকে অস্বাভাবিক মনে করছেন না অনেকে। তবে ফ্যানডাঙ্গোতে প্রকাশিত তথ্যই চূড়ান্ত কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) অনুমোদন পর্যন্ত।

আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ অভিনীত ‘কিং’ সিনেমাটির।

LEAVE A REPLY