সংগৃহীত ছবি
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানানোর এক বছর পূর্ণ হয়েছে তামিম ইকবালের। তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত কী হবে তা এখনো অস্পষ্ট।
মাঠে ফেরার বিষয়টা স্পষ্ট না হলেও তামিমকে নিয়ে আলোচনা অবশ্য বন্ধ নেই। সুযোগ পেলেই তাই বাঁহাতি ওপেনারের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়।
আজও কথা বলেছেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী।
ক্রীড়া মন্ত্রাণালয়ের নিজ কার্যালয়ে পাপন বলেছেন,‘তামিমের বিষয়টা এখনো পর্যন্ত কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তাকে ফোন করলাম আসতে তখন ও বলল যে আমার তো খেলা।
বিপিএলটা শেষ হলে আসবো। আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে।
তবে আমরা চাই ও আসুক।’
বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানের কথা স্মরণ করে পাপন বলেছেন,‘অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদদের অবদানের কারণেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।
অবশ্যই মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে।’








































