নিরব ও পরীমনি
দেশের সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। নতুন বছরের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব।
তার বিপরীতেই ছবিটিতে রূপা চরিত্রে হাজির হবেন মিষ্টি হাসির পরীমনি। গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি খবরটি নিশ্চিত করেছেন।
এর এক দিন বিরতির পর রবিবার সন্ধ্যায় চিত্রনায়ক নিরবের সঙ্গে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেন পরীমনি। স্থিরচিত্রে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন এই ঢালিউড তারকা।
একটি গোলাপ ফুল হাতে দুজনের একাধিক মুহূর্তের স্থিরচিত্র দেখা গেছে। ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!’ এমন ক্যাপশনে ছবিগুলো পোস্ট করেছেন পরীমনি।
হেনার হৈচৈ থামিয়ে এবার টিজার প্রকাশ করলেন বাপ্পারাজ
নিরবকে গোলাপ দেয়ার পরীমনির ছবিগুলো মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। দুজনের আসন্ন ছবির জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।কারো কারো মতে, বেশ চমৎকার জুটি হয়েছে দুজনের।
এর আগে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, “অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না। ‘গোলাপ’-এর চিত্রনাট্য শোনার পর আমার চরিত্রটি ভালো লেগেছে। গল্পে নাচ, প্রেম, ফাইট— সব কিছুই আছে। সবচেয়ে বড় কথা, গল্পের মোড় পরিবর্তনের অনেক চমক আছে, যা দর্শকদের আকৃষ্ট করবে।”
পরিচালক সামছুল হুদা জানান, “গল্পের প্রাথমিক কাঠামো দাঁড়ানোর পর থেকেই মনে হয়েছিল রূপা চরিত্রের জন্য পরীমনিই উপযুক্ত। তাই তাকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করার অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি রাজি হয়েছেন এবং সিনেমার টিম তাকে পেয়ে আনন্দিত।”
সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রডাকশন-এর ব্যানারে নির্মিতব্য সিনেমাটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে।
এদিকে, পরীমনি সম্প্রতি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজা ঘটক, যেখানে পরীমনির সহশিল্পী হিসেবে আছেন সায়মন সাদিক।










































