ইউক্রেনের যুদ্ধাহত সেনাদের পাশে দাঁড়াতে আকস্মিক সফরে দেশটিতে গেছেন ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুই দিনের এই সফরে তিনি আহত সেনাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন এবং ‘ইনভিক্টাস গেমস’-এ অংশ নিতে যাওয়া ইউক্রেনীয় প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন। এ সময় তাদের সাহস ও মনোবলের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
লিভিভ শহরে আহত সেনারা করতালি দিয়ে হ্যারিকে স্বাগত জানান। তাদের উদ্দেশে প্রিন্স হ্যারি বলেন, ‘আপনারা এই যুদ্ধে জয়ী হবেন।’ নিরাপত্তার কারণে সফর শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি গোপন রাখা হয়েছিল। এ সময় তিনি লিভিভের কাছে অবস্থিত ‘সুপারহিউম্যানস সেন্টার’ পরিদর্শন করেন। সেখানে আহত সেনাদের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম দেখেন।
কেন্দ্রটিতে মাইখাইলো দামাস্কিন নামে এক আহত সেনার সঙ্গে দেখা করেন তিনি।খেরসনের যুদ্ধে গুরুতর আহত হয়ে মাইখাইলো হাঁটার ক্ষমতা হারিয়েছিলেন। পরে পরীক্ষামূলক চিকিৎসায় তার মেরুদণ্ডে বিশেষ যন্ত্র বসানো হয়। এর সাহায্যে তিনি আবার হাঁটতে পারছেন। তবে প্রতি ১২ ঘণ্টা পরপর যন্ত্রটি চার্জ দিতে হয়।
মাইখাইলো জানান, তার লক্ষ্য ইনভিক্টাস গেমসে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইউক্রেনের প্রতিনিধিত্ব করা।গুরুতর আহত হওয়ার পরও যে জীবন থেমে থাকে না, তা অন্যদের দেখাতে চান তিনি।
প্রিন্স হ্যারি দুই পা হারানো আরেক সেনা কনস্তান্তিন ভ্লাসেঙ্কোর সঙ্গেও দেখা করেন। তিনি ২০০ দিনের বেশি সময় যুদ্ধক্ষেত্রে একা টিকে ছিলেন। পরে ড্রোনের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। প্রিন্স হ্যারি তাঁকে ইউক্রেনের অদম্য মানসিক শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া আহত সেনাদের খেলাধুলার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার প্রচেষ্টাও দেখেন তিনি। লিভিভে হুইলচেয়ার রাগবি ম্যাচ উপভোগ করেন এবং ‘পিকলবল’ খেলায় অংশ নেন। এ সময় আহত সেনাদের সঙ্গে ছবি তোলেন ও তাদের সঙ্গে কথা বলেন।
সফরে প্রিন্স হ্যারি বলেন, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত কঠিন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি চিকিৎসা ও শহর রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তিনি আরো বলেন, যুদ্ধ শেষ হলে ইউক্রেনে ইনভিক্টাস গেমস আয়োজনেও পাশে থাকবেন।আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠেয় ইনভিক্টাস গেমসের বাছাইপর্বে ইউক্রেনের ৪০০ জন আহত সেনা অংশ নেবেন।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো খেলাধুলার মাধ্যমে আহত সেনাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে উৎসাহ দেওয়া।











































