‘টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছি’

‘ঘাতক’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সুস্থ হয়ে স্বাভাবিকভাবে কাজে ফিরতে তার অন্তত দুই মাস সময় লাগতে পারে।কিন্তু দেড় মাসের মধ্যেই কাজে ফিরেছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা জানিয়ে পরেশ বলেন, চোট পাওয়ার পর টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন তিনি। আর এমন পরামর্শ তাকে দিয়েছিলেন বলিউডের খ্যাতনামা অ্যাকশন পরিচালক বীরু দেবগন।

ঘটনাটি ১৯৯৬ সালের।রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ সিনেমার একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী, অভিনেতা রাকেশ পাণ্ডেকে পরেশকে বাজারের মধ্য দিয়ে টেনে নিয়ে যেতে হতো। মহড়ার সময় সবকিছু স্বাভাবিক থাকলেও মূল শুটিংয়ের সময় ঘটে বিপত্তি। পিচ্ছিল জুতার কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান পরেশ।এতে হাঁটু ও পায়ে গুরুতর আঘাত পান তিনি।

সহ-অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাকে দ্রুত নানাবতী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে তার অন্তত দুই মাস সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে অভিনয়জীবন নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন পরেশ।

সেই সময় বীরু দেবগন তাকে নিজের প্রস্রাব পান করার পরামর্শ দেন।পরেশের ভাষ্য অনুযায়ী, বীরু বলেছিলেন, অ্যাকশন জগতের অনেকেই চোট সারাতে এই পদ্ধতি অনুসরণ করেন। তার পরামর্শ ছিল, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দিনের প্রথম প্রস্রাব পান করতে হবে। আগের রাতে কোনো ধরনের অ্যালকোহল পান করা যাবে না।

বীরুর পরামর্শ মেনে টানা ১৫ দিন এই পদ্ধতি অনুসরণ করেছিলেন পরেশ। এরপর পায়ের এক্স-রে করালে চিকিৎসকেরা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়টি দেখে বিস্মিত হন বলে জানান অভিনেতা। দেড় মাসের মধ্যেই কাজে ফিরেছিলেন তিনি। পরেশের ধারণা, দ্রুত সেরে ওঠার পেছনে বীরু দেবগনের দেওয়া পরামর্শের ভূমিকা ছিল।

এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরে পরেশ আরো জানান, প্রথমে বিষয়টি তার কাছেও ছিল বেশ অস্বাভাবিক। তবে বীরু দেবগনের পরামর্শে তিনি তা অনুসরণ করেছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা এই অভিনেতার জীবনের এমন ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

LEAVE A REPLY