পাকিস্তানের ভরাডুবিতে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন রিজওয়ান। ছবি : ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। সঙ্গে এবারের টুর্নামেন্টটি হচ্ছে তাদের ঘরের মাঠেই। তাই মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের ওপর বড় আশাই করেছিলেন সমর্থকরা। কিন্তু টুর্নামেন্টে ভিন্ন কিছুই দেখা গেছে।
সবার আগে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে পাকিস্তান।
টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে জয় পায়নি একটিতেও। বেরসিক বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট পেয়েছে পাকিস্তান। ঘরের আসরে এমন ভরাডুবির পর তাই তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন রিজওয়ান-বাবররা।
আর কোনো টুর্নামেন্ট শেষে সবার আগে ব্যর্থতার কোপটা পরে অধিনায়কের কাঁধে। সেদিক থেকে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া রিজওয়ানের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। তার নেতৃত্বের সমালোচনাই সবচেয়ে বেশি হচ্ছে।
সেই তালিকায় এবার যোগ দিয়েছেন মোহাম্মদ আমির।
রিজওয়ানকে মজার ছলে খোঁচা মেরেছেন সাবেক বাঁহাতি পেসার। তিনি বলেছেন, ‘রিজওয়ান…(হাসি) ফেরারি থেকে এখন রিকশায় নেমে এসেছ। একটা সময় তাকে পছন্দ করতাম। কারণ ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে অধিনায়কত্ব করে সে সফল ছিল। তার দল ফাইনালও খেলেছিল।
কিন্তু ২-৪ মাস ধরে দেখছি তার সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন শুরু হয়েছে। কেন এবং কী হচ্ছে জানি না। গত ২-৪ মাস তার সঙ্গে যেহেতু ড্রেসিংরুম শেয়ার করিনি তাই বলতে পারছি না কেন তার আচরণ এমন হচ্ছে। তার সিদ্ধান্তগুলো অদ্ভুত লাগছে।
শুরুতে রিজওয়ানকে সাহসী বলেই মনে হয়েছিল আমিরের। বাঁহাতি পেসার বলেছেন, ‘শুরুর দিকে সাহসী অধিনায়কত্ব করে সে। এটা দেখে মনে হচ্ছিল সে অনেক কিছু পরিবর্তন করবে। কিন্তু গত ২-৪ মাস থেকে মনে হচ্ছে, সে ক্রিকেট থেকে অনেক দূরে। প্রত্যেকেই এমনটাই ভাবচ্ছে। আহমেদ শেহজাদ ভিডিওতে বলছে, আমি বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকারে বলেছি। এমনকি ওয়াসিম আকরাম ভাইও এ বিষয়ে বলছেন। প্রত্যেকেই বলেছিল এই স্কোয়াড ঠিক নেই। সেখানে স্বীকৃত ওপেনার নেই, সঙ্গে একজন স্পিনার নেওয়া উচিত ছিল। যদি অধিনায়ক বলেন যে তার ক্ষমতা ছিল না বলার তাহলে সেটা মিথ্যাচার হবে। তার সেই ক্ষমতা ছিল। তাকে যেভাবে অধিনায়কত্ব করা হয়েছে সে হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু সে নেয়নি। জানি না কেন।’










































