জন্মদিন উপলক্ষে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

সংগৃহীত ছবি

এক দিন পরেই উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আর দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ‘রুনা মহল’ শিরোনামের ব্যতিক্রমী এই অনুষ্ঠানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার।বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লা।

অনুষ্ঠানে রুনা লায়লার হাতে স্বর্ণের গিটার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে তার সংগীতজীবন ও বর্ণাঢ্য পথচলাকে ঘিরেই সাজানো হয়েছে বিশেষ আয়োজনটি।

অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় ‘রুনা মহল’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।

জন্মদিনে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

বাংলা সংগীতের সমৃদ্ধ ভুবনে রুনা লায়লার অবদান অনস্বীকার্য। বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার সংগীতে নিজের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী। দীর্ঘ সংগীতজীবনে সুরের মায়াজালে মুগ্ধ করেছেন প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে।

চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে রুনা লায়লার জীবনের নানা অজানা গল্প, স্মৃতি ও সংগীতজীবনের উল্লেখযোগ্য অধ্যায় উঠে আসবে। দর্শকরা জানতে পারবেন কিংবদন্তি এই শিল্পীর জীবনের অনেক অজানা তথ্য।

আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘রুনা মহল’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

LEAVE A REPLY