লিটন দল পেলেও অনিশ্চয়তা কাটেনি মুস্তাফিজের

গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন।

রাত পোহালেই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঘরোয়া টুর্নামেন্টটি খেলতে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন অন্য ক্রিকেটাররা তখন দল পাবেন কিনা সেই অনিশ্চয়তার মধ্যে ভুগছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।

উইকেটরক্ষক-ব্যাটার লিটনের অনিশ্চয়তা অবশ্য কেটে গেছে। তাকে দলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

বাংলাদেশি ওপেনারকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া ক্লাবটিতে এবার বিনিয়োগ করেছেন সাবেক ওপেনার। আজ নিজ দলের অনুশীলন শেষে লিটনকে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে তামিম বলেছেন, ‘লিটন দাস দল পেয়েছে।

সে গুলশান ক্রিকেট ক্লাবে খেলবে। মুস্তাফিজের বিষয়টা জানি না। খুবই দুর্ভাগ্যজনক। যদি এমন (দল না পাওয়া) হয়ে থাকে।

কারণ, তারা জাতীয় দলের পরীক্ষিত খেলোয়াড়। তাদের অবশ্যই প্রিমিয়ার লিগে খেলা উচিত।’

গুলশানে বিনিয়োগ করলেও তামিম খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলকে নেতৃত্ব দেবেন তিনি। তামিমের দলের বিপক্ষেই আগামীকাল উদ্বোধনী দিনে বিকেএসপির তিন নম্বর মাঠে খেলবেন লিটনরা।

সর্বশেষ আসরে আবাহনীর হয়ে খেলছেন লিটন। অন্যদিকে মুস্তাফিজ দল পেলেই যেকোনো সময় মাঠে নামার সুযোগ পাবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY