গাভাস্কারকে কথাবার্তায় সতর্ক হতে বললেন ইনজামাম

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হেরে পাকিস্তানের বিদায় নেওয়ার পর ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার মন্তব্য করেছিলেন, ‘এই পাকিস্তানকে ভারতের ‘বি’ দলকেও হারাতেও কষ্ট হবে।’ পাকিস্তান দলকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি কিংবদন্তি ইনজামাম উল হক। গাভাস্কারকে সতর্ক করে দিয়ে মুখে লাগাম টানতে বলেছেন তিনি। 

গাভাস্কারকে ইনজামাম দুই দলের অতীত পরিসংখ্যানের দিকে তাকাতে বললেন।

অবশ্য সেই পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। যেখানে দুদলের মুখোমুখি ১৩৬ দেখায় ভারতের ৫৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে। ইনজামাম সেটাই গাভাস্কারকে মনে করিয়ে দিয়েছেন। 

ইনজামাম বলেন, ‘গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত।

উনি সিনিয়র মানুষ। আমরা ওনাকে সম্মান করি। তবে অন্য কারও দেশ নিয়ে কথা বলতে গেলে, বুঝেশুনে বলাই উচিত। আপনার দল ভালো খেলেছে।

নিজের দলের প্রশংসা করার অধিকার রয়েছে আপনার। তবে অন্য দলকে নিয়ে এ ধরনের মন্তব্য কি যথাযথ? নিজের শব্দচয়নে সতর্ক হোন। আমি একটু কঠোরভাবেই কথাগুলো বলছি।’

ইনজামামের এমন ক্ষোভের কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ওই ম্যাচের পর স্পোর্টস টুডের সঙ্গে আলাপে গাভাস্কার বলেন, পাকিস্তানের এখনকার দলের যে শক্তি, তাতে ভারতের ‘বি’ দলকে হারাতেও কষ্ট হবে তাদের।

‘আমার মনে হয়, ভারতের ‘বি’ দল অবশ্যই (পাকিস্তানের ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে)… ‘সি’ দল পারবে কি না, খুব একটা নিশ্চিত নই। তবে পাকিস্তানের এই দলের এমন ফর্মে ভারতের ‘বি’ দলকে হারাতে খুব, খুবই কষ্ট হবে।’

LEAVE A REPLY