পারসা ইভানা
অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল হিসেবে শোবিজে এসেছিলেন তিনি। তবে একজন অভিনেত্রী হিসেবেই থিতু হয়েছেন। এবার তিনি অভিনয় শেখায় মন দিচ্ছেন। পারসা ইভানা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন।
মূলত অভিনয়ে ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহ এই প্রশিক্ষণের সুযোগ পেলেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি নিউ ইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন।
জানা গেছে, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে পরবর্তীতে গত ৮ মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন।
এ বিষয়ে পারসা ইভানা গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা। সেখান থেকে ২-৩ পৃষ্ঠার একটি সিলেক্ট করতে হয়েছে।
তিনি আরও বলেন, ‘স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন।
তিনি আমাকে বললেন, তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও। উত্তরে আমি বললাম, আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই। এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছে।
যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে, আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়ে গেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি যেন ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’
পারসা ইভানা বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় এক মুখ। ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও কিছু নাটকে অভিনয় করে জয় করেছেন দর্শকের মন। আসন্ন ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল।











































