নাথান লায়নের ১৩ বছরের ধারাবাহিকতায় ছেদ পড়ল। অভিজ্ঞ এই অফ স্পিনারকে বাদ দিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রান্স-তাসমান ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
লায়নের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৯ বছর বয়সী অফ স্পিনার কোরি রকাচোলি। গত আগস্টে অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে বল হাতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন তিনি।
লায়নের বাদ পড়া অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তন। ৩৯ বছর বয়সী এই অফ স্পিনার ১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট নিয়ে দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় জায়গা হারিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তার শিকার ছিল মাত্র ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও নিজের ছায়া হয়ে ছিলেন।
প্রধান নির্বাচক জর্জ বেইলি লায়নকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যায় বলেছেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে বল হাতে নাথান আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রভাব রাখতে পারেনি।তবে আমরা এটাও জানি, তার রেকর্ড অসাধারণ।’

কোরি রকাচোলির ওপর আস্থা রাখার কারণও ব্যাখ্যা করেছেন বেইলি, ‘কোরি গত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। তার মধ্যে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানানসই কিছু বিশেষ গুণও রয়েছে।’
আগস্টে বাংলাদেশের বিপক্ষে ডারউইনে অনুষ্ঠিত তিন দিনের প্রস্তুতি ম্যাচে রকাচোলি ছিলেন অস্ট্রেলিয়া একাদশের অন্যতম সেরা বোলার।প্রথম ইনিংসে ৮৩ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন আররে ২ উইকেট। ম্যাচটি ইনিংস ও ৩৮ রানে হারে বাংলাদেশ।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডেও ধারাবাহিক পারফরম্যান্স করেছেন রকাচোলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯ ম্যাচে তার উইকেট ২০৫টি। সম্প্রতি তাসমানিয়ার বিপক্ষে ব্যাট হাতেও ১৪০ রানের ইনিংস উপহার দিয়েছেন।
অস্ট্রেলিয়ার ঘোষিত ১৩ সদস্যের দলে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটার জ্যাক ক্লেটন। ফিরেছেন স্টিভেন স্মিথ। জায়গা হয়নি মার্নাস লাবুশেন, বিউ ওয়েবস্টার ও কুপার কনোলির।
প্রথমবারের মতো ট্রান্স-তাসমান টেস্ট সিরিজ ৪ ম্যাচের হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাট রেনশ, কোরি রকাচোলি, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।
ট্রান্স-তাসমান ট্রফির সূচি
প্রথম টেস্ট, ৯-১৩ ডিসেম্বর ২০২৬, পার্থ
দ্বিতীয় টেস্ট, ১৭-২১ ডিসেম্বর ২০২৬, অ্যাডিলেড
তৃতীয় টেস্ট, ২৬-৩০ ডিসেম্বর ২০২৬, মেলবোর্ন
চতুর্থ টেস্ট, ৪-৮ জানুয়ারি ২০২৭, সিডনি








































