ছবি : এএফপি
কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্রতি রেফারির অতিরিক্ত পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ। তার দাবি, ‘বাহ্যিক কিছু বিষয়’ কলম্বিয়াকে সেদিন চ্যাম্পিয়ন হতে দেয়নি।
গত বছর কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে ছিলেন রদ্রিগেজ। টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড ৬টা অ্যাসিস্ট করে দলকে তুলেছিলেন ফাইনালে।
কিন্তু ফাইনাল বাধা অতিক্রম করতে ব্যর্থ হয় তার। লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখে। যদিও দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেনে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
দুর্দান্ত ফর্মের পরও, ফাইনালে হৃদয়বিদারক হার থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি রদ্রিগেজ।
ম্যাচের রেফারি রাফায়েল ক্লাউসের বিরুদ্ধে তুলেছেন গুরুতর অভিযোগ। রদ্রিগেজের দাবি, আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি রেফারি ক্লাউস ‘পক্ষপাতিত্ব’ করেছেন। রদ্রিগেজের মতে, ফাইনালে রেফারি সে দিন কলম্বিয়াকে একটি নিশ্চিত পেনাল্টি দেননি।
লস অ্যামিগোস দে এদু প্রোগ্রামে কথা বলতে গিয়ে রদ্রিগেজ বলেন, ‘দারুণ একটা কোপা আমেরিকা কেটেছে আমাদের।
অবশ্যই, শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম। কিন্তু আমি মনে করি আমরা বাইরের কিছু কারণে কোপা আমেরিকা জিততে পারিনি। রেফারি আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করেছেন। তিনি আমাদের পেনাল্টি দেননি। এটি ছিল একটি স্পষ্ট পেনাল্টি।
’
৩৩ বছর বয়সী রদ্রিগেজকে সর্বশেষ কলম্বিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।










































