দেবব্রত পাল। ছবি : মীর ফরিদ
দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারিরা। একদিকে নিয়ামুর রশীদের নেতৃত্বে সাতজন। অন্যদিকে শুধুই দেবব্রত পাল। গত ১৯ এপ্রিল ম্যাচ রেফারিদের সমন্বয় সভায় দেবব্রতের বিরুদ্ধে ‘অমার্জিত’ ব্যবহার এবং অসদাচরণের অভিযোগ তুলে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন নিয়ামুররা।
তবে অভিযুক্ত দেবব্রতও বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর পাল্টা অভিযোগ ঠুকেছেন নিয়ামুরের বিরুদ্ধে।
উল্লেখিত সভায় দেবব্রত’র ‘অগ্রহণযোগ্য’ আচরণের জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন নিয়ামুররা। দেবব্রত’র অভিযোগ অবশ্য শুধুই নিয়ামুরকে নিয়ে। বিসিবি সভাপতিকে আজ পাঠানো চিঠির বিষয় তাই, ‘ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল কর্তৃক উচ্ছৃঙ্খলতা, অসদাচরণ ও হুমকি প্রদান প্রসঙ্গে।
’ অভিযোগ আর পাল্টা অভিযোগ করা দুই পক্ষের মধ্যে কে আসলে সত্য বলছেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য ১৯ এপ্রিলের সভার অডিও রেকর্ড প্রকাশের দাবি জানিয়েছেন দেবব্রত পাল, ‘আম্পায়ার্স কমিটির প্রধান সেদিন বলেছিলেন এই সভার অডিও রাখা হোক। অডিও রেকর্ডেই যাবতীয় প্রমাণ আছে। আমি সেটি প্রকাশের দাবি জানাচ্ছি। তা প্রকাশ করা হলেই জানা যাবে আসলে কে সেদিন গালিগালাজ করেছিল।
’
দেবব্রত’র দাবি, তিনি সেদিন ন্যায্য কথাই বলেছিলেন, ‘‘খেলোয়াড়দের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সব ম্যাচ রেফারিদের একই প্রটোকল মেনে চলা উচিত বলে মন্তব্য করেছিলাম আমি। এতেই নিয়ামুর রশীদ ক্ষিপ্ত হয়ে আমার ওপর চড়াও হন। ‘আঙ্গুল নামিয়ে কথা বল’ – বলে তিনি আমার দিকে তেড়ে আসেন। এমনকি আমার বাবা-মা তুলেও গালিগালাজ করেন। এজন্যই অডিও রেকর্ড প্রকাশের দাবি জানাচ্ছি।ওটা প্রকাশ করা হলে জানা যাবে দোষটা কার?”









































