আন্দোলন রুখতে মজুরিভিত্তিক ডাক্তার নিয়োগ দেবে পাঞ্জাব স্বাস্থ্যবিভাগ

সংগৃহীত ছবি

পাকিস্তানের পাঞ্জাব ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশন (ওয়াইডিএ) বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা রাজ্যের সব সরকারি হাসপাতালে আজ সোমবার থেকে ইনডোর পরিষেবা বন্ধ করে দেবে। এর জবাবে, স্বাস্থ্য বিভাগ একটি নির্দেশনা জারি করে জানিয়েছে, হাসপাতালগুলো সচল রাখতে দৈনিক মজুরিভিত্তিক ডাক্তার নিয়োগ দেওয়া হবে।  খবর ডনের।

স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে রাজ্যের সব ডাক্তার ও নার্সদের ছুটি বাতিল করেছে।

লাহোরে এক সংবাদ সম্মেলনে ওয়াইডিএ পাঞ্জাব নেতারা জানান, স্বাস্থ্য বিভাগের চাকরিচ্যুতি ও সাময়িক বরখাস্তের প্রতিবাদে তারা আন্দোলন আরো বিস্তৃত করবে। তারা বলেন, বিভাগীয় শাস্তি, প্রতিহিংসা বা পুলিশের গ্রেপ্তারের ভয় তাদের নেই।

এদিকে, পাঞ্জাব নার্সেস অ্যাসোসিয়েশন (পিএনএ) এবং পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন (পিএমএ) নেতারাও ওয়াইডিএ’র পক্ষে অবস্থান নিয়েছেন।

এর আগে, তরুণ চিকিৎসকরা গত ১০ দিন ধরে বিভিন্ন সরকারি হাসপাতালে বহির্বিভাগ (ওপিডি) পরিষেবা বন্ধ রেখেছেন।

এ পরিস্থিতিতে সরকার ১৭ জন ডাক্তার ও নার্সকে চাকরিচ্যুত করেছে, কারণ তারা রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ওয়াইডিএ পাঞ্জাবের চেয়ারম্যান ডা. সালমান হাসিব বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, লাহোর পুলিশ ৪০০-এরও বেশি সরকারী হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। তারা স্বাস্থ্যসেবা বেসরকারিকরণের বিরুদ্ধে  শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কর্মচারীরা আইন অনুযায়ী নিজেদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করার অধিকার রাখে।

ওয়াইডিএ ও নার্স নেতারা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের কাছে আহ্বান জানিয়েছেন যাতে তারা হস্তক্ষেপ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন।

তাদের দাবি, স্বাস্থ্য বিভাগের কিছু কর্মকর্তা সরকারের কাছে ভুল তথ্য দিয়ে পরিস্থিতি জটিল করে তুলছে। তারা স্পষ্ট জানিয়েছেন, কেবল সরকারের প্রতিনিধিদের সঙ্গেই তারা আলোচনা করবেন। 

এক প্রশ্নের জবাবে ওয়াইডিএ চেয়ারম্যান বলেন, চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস সবাই সিদ্ধান্ত নিয়েছেন, যদি তাদের দাবি মানা না হয়, তাহলে সোমবার থেকে সব সরকারি হাসপাতালে ইনডোর পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে।

জানা গেছে, রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে বহির্বিভাগ বন্ধ রাখার কারণে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি তরুণ ডাক্তার ও নার্স চাকরি হারিয়েছেন।

LEAVE A REPLY